বালিতে তৃণমূল নেতার বাড়ি ঘিরে বিক্ষোভ, কাঁচা ডিমের বৃষ্টিতে ঘরবন্দি নেতা!

বালিতে তৃণমূল নেতার বাড়ি ঘিরে বিক্ষোভ, কাঁচা ডিমের বৃষ্টিতে ঘরবন্দি নেতা!

হাওড়া: দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে উত্তাল হাওড়ার বালি। তৃণমূলের ব্লক সভাপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওরফে সীতানাথের বাড়ির সামনে জড়ো হয়ে এলাকাবাসী শুরু করলেন তীব্র বিক্ষোভ। পরিস্থিতি এমন চরমে ওঠে যে, প্রাণ বাঁচাতে নিজের বাড়িতেই নিজেকে তালাবন্ধ করে ঘরবন্দি হতে হলো শাসকদলের এই নেতাকে।

কী ঘটেছিল শুক্রবার?

বালিখাল সংলগ্ন এন পাল লেনে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়ি। শুক্রবার বাড়ির বাইরে বিক্ষোভের আওয়াজ শুনে তিনি বেরোতেই শুরু হয় ডিমবর্ষণ। আদুল গায়ে, হাফপ্যান্ট পরা অবস্থায় আচমকা এমন পরিস্থিতির মুখে পড়ে কার্যত হতভম্ব হয়ে যান নেতা। ডিমের হাত থেকে বাঁচতে তড়িঘড়ি বাড়ির ভেতরে ঢুকে সদর দরজায় তালা লাগিয়ে দেন তিনি। তবে তাতেও নিস্তার মেলেনি। বিক্ষোভকারীরা ডিম ছুড়ে বাড়ির দরজা ও দেওয়াল হলুদ করে দেন।

কেন এই জনরোষ?

স্থানীয় বাসিন্দা এবং বিজেপি কর্মী-সমর্থকদের অভিযোগ, বালি এলাকায় তৃণমূলের দাপুটে নেতা হিসেবে পরিচিত অভিজিৎ দীর্ঘদিন ধরে নানা দুর্নীতি, তোলাবাজি এবং অত্যাচারের সঙ্গে যুক্ত। দীর্ঘদিনের দাদাগিরিতে অতিষ্ঠ হয়েই মানুষ আজ পথে নেমেছেন বলে দাবি বিক্ষোভকারীদের।

হাওড়া জেলা সদর যুব তৃণমূলের প্রাক্তন সভাপতি কৈলাশ মিশ্রের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অভিজিতের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন স্থানীয়রা। যদিও এই ঘটনা নিয়ে এখনও পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়ার খবর পাওয়া যায়নি, তবে ঘটনায় বালি এলাকা জুড়ে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *