UCC নিয়ে জল্পনার অবসান! ‘সন্তানসংখ্যা নির্ধারণ এর উদ্দেশ্য নয়’, স্পষ্ট করলেন শমীক

কলকাতা: আগামী সোমবার রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ‘ইউনিফর্ম সিভিল কোড’ (UCC) বিল পেশ করতে চলেছেন। এই প্রেক্ষাপটে রাজ্যের রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক চর্চা। বিলটি ঘিরে চলা নানা জল্পনা-কল্পনা ও বিভ্রান্তি দূর করতে মুখ খুললেন বঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য।
কী বললেন শমীক ভট্টাচার্য?
শমীক স্পষ্ট ভাষায় জানান, ইউনিফর্ম সিভিল কোড নিয়ে অযথা বিভ্রান্তি ছড়ানোর কোনো অবকাশ নেই। তাঁর কথায়, “একদিকে যেমন সমান নাগরিক আইন প্রতিষ্ঠার লক্ষ্য রয়েছে, তেমনই অন্যদিকে সংবিধানপ্রদত্ত তফসিলি জনজাতিদের বিশেষ রক্ষাকবচকেও সমানভাবে প্রাধান্য দেওয়া হয়েছে।”
দিল ‘ভুল ধারণা’ ভাঙার বার্তা
ইউসিসি নিয়ে জনমানসে থাকা একটি বড় ভুল ধারণা সংশোধন করে বিজেপি সভাপতি বলেন, “অনেকেই মনে করছেন ইউসিসি-র মাধ্যমে সন্তানসংখ্যা নির্ধারণ করা হবে। আমি পরিষ্কার করে দিচ্ছি, সন্তানসংখ্যা নিয়ন্ত্রণ করা এই বিলের কোনো উদ্দেশ্য বা বিধানের অংশ নয়।”
সোমবার বিধানসভায় এই বিল পেশ হওয়ার আগে শমীক ভট্টাচার্যের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।