স্ত্রীর নাচে আপত্তি, কুড়ালের কোপে স্ত্রী-সন্তানদের খুন করে আত্মঘাতী স্বামী!

স্ত্রীর নাচে আপত্তি, কুড়ালের কোপে স্ত্রী-সন্তানদের খুন করে আত্মঘাতী স্বামী!

মধ্যপ্রদেশ: ধর্মীয় অনুষ্ঠানে স্ত্রীর নাচকে কেন্দ্র করে জন্ম নেওয়া পারিবারিক অশান্তি গড়াল ভয়াবহ হত্যাকাণ্ডে। কুড়ালের আঘাতে নিজের স্ত্রী ও দুই সন্তানকে নৃশংসভাবে খুন করে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। মধ্যপ্রদেশের মোরেনা জেলার কিষাণপুর গ্রামে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া ও তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনার সূত্রপাত:

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মৃত বলরাম কুশওয়াহার স্ত্রী রবিতা প্রায় ১০ দিন আগে গ্রামের একটি ‘ভাগবত কথা’ অনুষ্ঠানে নাচ করেন। রবিতার বাবা মালখান কুশওয়াহার অভিযোগ, এই ঘটনাকে কেন্দ্র করেই বলরামের সঙ্গে তাঁর মেয়ের অশান্তি শুরু হয়। অনুষ্ঠান শেষে বলরাম রবিতাকে মারধর করেন এবং বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন। বাধ্য হয়ে ১৭ জুন রবিতা বাবার বাড়িতে চলে যান।

যদিও ২৪ জুন বলরাম ও তাঁর পরিবারের সদস্যরা রবিতাকে ফিরিয়ে আনেন, কিন্তু তাতেও দাম্পত্য কলহ থামেনি। পুলিশ জানায়, শুক্রবার গভীর রাতে বলরাম কুড়াল দিয়ে স্ত্রী ও দুই সন্তানকে নৃশংসভাবে হত্যা করেন। এরপর বাড়ি থেকে বেরিয়ে রেললাইনে গিয়ে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে নিজের প্রাণও শেষ করে দেন।

তদন্তে পুলিশ:

শনিবার সকালে প্রতিবেশীরা বাড়ির উঠোনে তিনটি রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। একই সময় রেললাইন থেকে উদ্ধার হয় বলরামের দেহ। মোরেনার ডিএসপি (সদর) বিজয় ভাদোরিয়া জানিয়েছেন, প্রাথমিক তদন্তে দীর্ঘদিনের পারিবারিক অশান্তিই এই হত্যাকাণ্ডের মূল কারণ বলে মনে করা হচ্ছে। দেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার প্রতিটি দিক খতিয়ে দেখা হচ্ছে। আশেপাশের মানুষ ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যাতে হত্যাকাণ্ডের নেপথ্যের প্রকৃত কারণ আরও স্পষ্টভাবে বেরিয়ে আসে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *