নিখোঁজ অমৃতাকে খুঁজতে এবার সিআইডি-র দ্বারস্থ পুলিশ, গেজেটে প্রকাশ করা হবে সব তথ্য

নিখোঁজ অমৃতাকে খুঁজতে এবার সিআইডি-র দ্বারস্থ পুলিশ, গেজেটে প্রকাশ করা হবে সব তথ্য

সিউড়ি: মাস তিনেক আগে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়া বছর চব্বিশের তরুণী অমৃতা সিংয়ের সন্ধানে এবার বড় পদক্ষেপ নিল বীরভূম জেলা পুলিশ। তদন্তে গতি আনতে এবং দেশের অন্য প্রান্তের তদন্তকারী সংস্থাগুলোকে সজাগ করতে এবার সিআইডি-র বিশেষ বুলেটিন ‘ক্রিমিনাল ইন্টেলিজেন্স গেজেট’ (CIG)-এ অমৃতার যাবতীয় তথ্য প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেন এই উদ্যোগ?

পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করার ক্ষেত্রে সিআইজি অত্যন্ত কার্যকর একটি মাধ্যম। অমৃতা রাজ্যের বাইরে কোথাও গিয়েছেন কি না, তা নিশ্চিত করতে এবং ভিনরাজ্যের পুলিশের সহায়তা পেতে এই কৌশল নেওয়া হয়েছে। শনিবারই সিউড়ি থানা থেকে তরুণীর ছবি, শারীরিক বর্ণনা ও অন্যান্য নথিপত্র সিআইডির কাছে পাঠানো হচ্ছে। পরবর্তীতে তা দেশের বিভিন্ন রাজ্যের পুলিশি তথ্যভাণ্ডারে পৌঁছে যাবে।

হাল ছাড়েননি বাবা

সিউড়ি থানায় নিখোঁজ ডায়েরি করার পরেও মেয়ের হদিশ না মেলায় ভেঙে পড়েননি অমৃতার বৃদ্ধ বাবা অর্ধেন্দু সিং। মেয়ের ছবি ও নাম লেখা প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে তিনি একাই চষে বেড়িয়েছেন গোটা বীরভূম। বাবার এই আকুতি ও বিষয়টি নিয়ে শোরগোল পড়ায় নড়েচড়ে বসে পুলিশ। জেলা পুলিশের একটি বিশেষ টিম গঠনের পাশাপাশি কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগেরও সাহায্য নেওয়া হচ্ছে।

এই নতুন উদ্যোগের বিষয়ে এক পুলিশ আধিকারিক জানান, সিআইডি-র সিআইজি বিভাগ সাধারণত নিখোঁজ ব্যক্তিদের খোঁজ এবং অজ্ঞাতপরিচয় দেহ শনাক্তকরণের জন্য তথ্যের আদান-প্রদান করে। নিয়মিত বুলেটিন প্রকাশের মাধ্যমে পুলিশি তদন্তের পরিধি বাড়ানো হয়।

তদন্তে পুলিশের এই তৎপরতায় কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন অমৃতার বাবা। অর্ধেন্দু সিং বলেন, “পুলিশ যে গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছে, তাতে আমি কৃতজ্ঞ। এখন একটাই প্রার্থনা, দ্রুত যেন আমার মেয়েকে খুঁজে পাই।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *