এবার বেসরকারি সংস্থার হাতে ৫১টি আইটিআই! আধুনিকীকরণে বড় ঘোষণা মন্ত্রীর

কলকাতা: রাজ্যের কারিগরি শিক্ষা ব্যবস্থায় বড়সড় বদল আনতে চলেছে সরকার। রাজ্যের ৫১টি সরকারি আইটিআই (ITI) কলেজকে এবার আধুনিকীকরণের লক্ষ্য নিয়ে বেসরকারি বাণিজ্যিক সংস্থার হাতে তুলে দেওয়ার ঘোষণা করলেন রাজ্যের উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়।
কী থাকছে নতুন পরিকল্পনায়?
কলকাতায় পঞ্চম বিশ্ব এমএসএমই দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী জানান, আইটিআই কলেজগুলির পরিকাঠামো দ্রুত উন্নত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বেসরকারি সংস্থার সাথে যৌথ উদ্যোগে এই প্রতিষ্ঠানগুলি পরিচালনার পরিকল্পনা রয়েছে সরকারের।
মন্ত্রী জানিয়েছেন, দেশের অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও বড় বড় শিল্পগোষ্ঠীর সাথে হাত মিলিয়ে কাজ করা হবে। এই প্রসঙ্গে টাটা-র মতো প্রথম সারির কর্পোরেট সংস্থাগুলোর সাথে যৌথ উদ্যোগে কলেজ পরিচালনার কথা উল্লেখ করেছেন তিনি। জগন্নাথ চট্টোপাধ্যায়ের কথায়, “অনেক বেশি পুঁজি বিনিয়োগের মাধ্যমে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলির পরিকাঠামো উন্নত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য।”
শিল্পপতিদের কাছে বিশেষ বার্তা
অনুষ্ঠানে উপস্থিত শিল্পপতিদের উদ্দেশে মন্ত্রী আহ্বান জানান, রাজ্যে বিনিয়োগ বাড়াতে তাঁদের এগিয়ে আসতে হবে। তিনি বলেন, “সরকার নিজের দায়িত্ব পালন করবেই, কিন্তু আমরা বেঙ্গল চেম্বার ও অন্যান্য বণিক সভার কাছে অনুরোধ রাখব, সবাই মিলে যৌথভাবে রাজ্যে বাণিজ্যের একটি সুস্থ ইকোসিস্টেম গড়ে তুলুন।”
পাশাপাশি, রাজ্যের যুবসমাজের কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দিয়ে তিনি ‘প্রধানমন্ত্রী সেতু’ যোজনার কথাও তুলে ধরেন। মন্ত্রীর এই ঘোষণাকে ডবল ইঞ্জিন সরকারের শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ হিসেবেই দেখছেন রাজনৈতিক মহল।