২০২৭-এ ফের ভারতে ট্রাম্প! মোদির নেতৃত্বের প্রশংসায় পঞ্চমুখ মার্কিন বিদেশসচিব
ওয়াশিংটন: হোয়াইট হাউসের দ্বিতীয় ইনিংস শুরু করার পর এবার ভারত সফরের পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো শনিবার এক সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন যে, ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন ট্রাম্প।
মোদির ভূয়সী প্রশংসা রুবিয়োর মুখে
সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের উচ্চকণ্ঠ প্রশংসা করেছেন মার্কো রুবিয়ো। তিনি স্পষ্ট জানান, প্রধানমন্ত্রী মোদির আন্তর্জাতিক নীতি এবং নেতৃত্বের একজন বড় ভক্ত তিনি। রুবিয়োর কথায়, আন্তর্জাতিক মঞ্চে ভারতের ক্রমবর্ধমান গুরুত্বের পেছনে মোদির নেতৃত্বই মূল চালিকাশক্তি। মোদি ও ট্রাম্পের ব্যক্তিগত উষ্ণ সম্পর্ক যে দুই দেশের কৌশলগত অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে গেছে, তাও তিনি পুনরায় মনে করিয়ে দিয়েছেন।
সফরের প্রস্তুতিতে কি ফের ভারতে রুবিয়ো?
প্রেসিডেন্ট ট্রাম্পের এই হাই-প্রোফাইল সফরের প্রস্তুতি ও সূচি চূড়ান্ত করতে চলতি বছরের শেষ নাগাদ মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো নিজে আরও একবার ভারত সফরে আসতে পারেন বলে জানিয়েছেন। কূটনৈতিক মহলের মতে, বর্তমান বিশ্ব রাজনীতিতে এই সফর দ্বিপাক্ষিক বাণিজ্য, প্রতিরক্ষা ও কৌশলগত সম্পর্কের নিরিখে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে।
উল্লেখ্য, ২০২০ সালে প্রথম দফার প্রেসিডেন্ট হিসেবে ভারতে এসেছিলেন ট্রাম্প। এরপর একাধিকবার সফরের জল্পনা চললেও নানা কারণে তা বাস্তবায়িত হয়নি। তবে এবারের পরিকল্পনা ঘিরে কূটনৈতিক স্তরে এখন থেকেই সাজ সাজ রব পড়ে গিয়েছে। এছাড়া রুবিয়ো জানিয়েছেন, আগামী দিনে ‘কোয়াড’ (QUAD) গোষ্ঠীর বৈঠকের পরবর্তী রূপরেখা তৈরির কাজও দ্রুত শুরু হবে।