অত্যাচারে ঘরছাড়া কর্মীদের ঢাল! আইনি সহায়তায় চালু ‘এক ডাকে অভিষেক’

কলকাতা: ভোটের পরবর্তী রাজনৈতিক উত্তাপ ও অশান্তির আবহে কোণঠাসা নিচুতলার কর্মীরা। অভিযোগ, দলের দুর্দিনে তাঁদের পাশে পাচ্ছেন না নেতারা। এই পরিস্থিতিতে ঘরছাড়াদের আইনি সুরক্ষাকবচ দিতে ময়দানে নামল কালীঘাট। বিপন্ন কর্মীদের পাশে দাঁড়াতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হলো বিশেষ কর্মসূচি— ‘এক ডাকে অভিষেক’।
হেল্পলাইন নম্বর চালু
বিজেপির অত্যাচারে যাঁরা ঘরছাড়া বা মিথ্যে মামলায় জড়িয়ে পড়েছেন, তাঁদের পাশে দাঁড়াতেই এই পদক্ষেপ। সোশ্যাল মিডিয়ায় এই কর্মসূচির কথা ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্দিষ্ট হেল্পলাইন নম্বরও (৭৮৮৭৭৭৮৮৭৭) চালু করা হয়েছে, যেখানে ভুক্তভোগী কর্মীরা সরাসরি আইনি সহায়তা চেয়ে যোগাযোগ করতে পারবেন। পোস্টারে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, রাজনৈতিক হিংসায় নিপীড়িত কর্মীদের পাশে দাঁড়াতেই এই বিশেষ আইনি সাহায্য।
অভিষেকের বাড়িতে নতুন সতর্কতা
রাজনৈতিক অস্থিরতার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের নিরাপত্তায় বদল দেখা গেল। মমতার বাড়ির পর এবার অভিষেকের বাড়ির গেটেও বসানো হয়েছে ‘ভিউ কাটার’। এর ফলে বাইরে থেকে বাড়ির অন্দরের গতিবিধি বা পরিস্থিতি আর দেখা যাবে না।
তৃণমূলের অন্দরের ছবি
ভোটের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল কর্মীদের ওপর অত্যাচারের অভিযোগ উঠে আসছে। অভিযোগ, দলের অনেক শীর্ষ নেতাই এখন নিষ্ক্রিয় বা দূরত্ব বজায় রেখে চলছেন। অন্যদিকে, বিক্ষুব্ধ তৃণমূল বিধায়ক-সাংসদদের দাবি, দলের দুর্নীতি ও কর্মীদের পাশে না দাঁড়ানোর কারণেই তাঁরা দূরত্ব তৈরি করেছেন। এমন টালমাটাল অবস্থায়, দলের এই নতুন হেল্পলাইন কর্মসূচি কতখানি কর্মীদের আস্থা ফিরিয়ে আনতে পারে, তা এখন দেখার বিষয়।
এই হেল্পলাইন কর্মসূচি কি তৃণমূলের ভাঙন ঠেকাতে তৃণমূলকে খুব একটা সাহায্য করতে পারবে বলে আপনার মনে হয়?