বিশ্বমানের রেটিংয়ে তাক লাগানো সাফল্য! যাত্রী স্বাচ্ছন্দ্যে বাজিমাত কলকাতা বিমানবন্দরের
July 10, 20262:47 pm

যাত্রী সুরক্ষা ও উন্নত পরিষেবা প্রদানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করল কলকাতা বিমানবন্দর। এয়ারপোর্টস কাউন্সিল ইন্টারন্যাশনাল পরিচালিত সাম্প্রতিক ত্রৈমাসিক সমীক্ষায় বিশ্বের চারশোর বেশি বিমানবন্দরের মধ্যে ৭২তম স্থান ধরে রেখেছে এই বিমানবন্দরটি। পরিচ্ছন্ন শৌচাগার, পর্যাপ্ত বসার জায়গা, নির্দিষ্ট সময়ে উড়ান এবং কড়া নিরাপত্তার মতো ৩১টি মাপকাঠির মধ্যে ২৬টিতেই চমৎকার ফলাফল মিলেছে।
চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাসের পরিসংখ্যানে কলকাতা বিমানবন্দরের এএসকিউ রেটিং দাঁড়িয়েছে ৪.৯, যা বিশ্বস্তরের গড় রেটিংয়ের তুলনায় অনেকটাই বেশি। টার্মিনালের পরিচ্ছন্নতা ও সঠিক পরিচালনার জন্য বিশেষ দল গঠনের সুফলই এই সমীক্ষায় প্রতিফলিত হয়েছে। পুনে, চেন্নাই বা বারাণসীর মতো শীর্ষস্থানীয় বিমানবন্দরগুলোর সঙ্গেই যাত্রী পরিষেবায় কড়া পাল্লা দিচ্ছে কলকাতা।