পদ্ম ফোটালেই মিলবে জোড়া সেতু, পরিযায়ী শ্রমিকদের ঘরের কাজ!
July 11, 20267:36 am

রাজ্যে এখনও বিধানসভা উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও মুর্শিদাবাদের রেজিনগরের জনসভা থেকে বকলমে প্রচার শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমজনতা উন্নয়ন পার্টির সুপ্রিমো হুমায়ুন কবীরের ছেড়ে আসা এই আসনে দাঁড়িয়ে উন্নয়নের ডাক দেন তিনি। সাম্প্রদায়িকতার রাজনীতিকে চ্যালেঞ্জ জানিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, রেজিনগরে বিজেপিকে জেতালে একটি নয়, দুটি সেতু তৈরি করে দেওয়া হবে।
একই সঙ্গে এলাকার পরিযায়ী শ্রমিকদের ঘরে ফিরিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করার প্রতিশ্রুতিও দেন মুখ্যমন্ত্রী। ২০৮টি আসন নিয়ে ক্ষমতায় থাকা বিজেপি সরকারের আসন সংখ্যা আরও বাড়ানোই এখন তাঁদের প্রধান লক্ষ্য। নন্দীগ্রামে বিপুল ভোটে জয়ের বিষয়ে শতভাগ আত্মবিশ্বাসী শুভেন্দু অধিকারী জানান, ২১০ নম্বর আসনটি রেজিনগরের জয়ের ওপরই নির্ভর করছে।