ডোমকলের দখল নিতে তৃণমূলের বড় হোঁচট, বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চায়েত প্রধান সিপিএমের
July 11, 20263:02 pm

দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েন ও আইনি জটিলতা কাটিয়ে অবশেষে ডোমকলের ধূলাউড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হলেন সিপিএম প্রার্থী রুনা লায়লা বিবি। আদালতের নির্দেশে বৃহস্পতিবার কড়া নিরাপত্তার মধ্যে আয়োজিত এই নির্বাচন ঘিরে তৈরি হয় এক নজিরবিহীন পরিস্থিতি। পঞ্চায়েতের ৩০ জন সদস্যের মধ্যে মাত্র ১৫ জন উপস্থিত থাকলেও তৃণমূলের অনুপস্থিতিতে ভোটাভুটির প্রয়োজন পড়েনি।
নির্বাচনে সিপিএম প্রার্থীকে সমর্থন জানিয়েছেন কংগ্রেস ও বিজেপির সদস্যরা। প্রায় ৫০ দিন আগে অনাস্থা প্রস্তাবে তৎকালীন প্রধান অপসারিত হওয়ার পর এই নির্বাচন সম্পন্ন হয়। তৃণমূলের অংশগ্রহণ না থাকায় জয়ী হওয়ার পথ প্রশস্ত হয় বাম শিবিরের। স্থানীয় রাজনৈতিক মহলের মতে, ডোমকলের এই ফলাফল গ্রামীণ রাজনীতিতে সিপিএমের ক্রমবর্ধমান প্রভাবকেই স্পষ্ট করে তুলল।