আবাস যোজনা নিয়ে বড় বিপাকে ২২ জন, টাকা ফেরতের নোটিসে কাঁটা বীরভূমের উপভোক্তারা!

বীরভূমের নলহাটি ২ নম্বর ব্লকে পিএম আবাস যোজনার সুবিধা নিয়ে চরম বিতর্ক তৈরি হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী পাকা বাড়ি থাকা সত্ত্বেও, ভুল তথ্য দিয়ে প্রকল্পের প্রথম কিস্তির ৬০ হাজার টাকা তুলে নেওয়ার অভিযোগে ২২ জনকে নোটিস পাঠাল ব্লক প্রশাসন। ভদ্রপুর ১ পঞ্চায়েতের মোস্তফাডাঙ্গা গ্রামের এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় স্তরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অধিকাংশ উপভোক্তার বিরুদ্ধেই পাকা বাড়ি থাকার পরও প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
জেলা প্রশাসনের নির্দেশ অনুযায়ী, আগামী সাত দিনের মধ্যে এই টাকা ফেরত না দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, অভিযুক্তদের অন্যান্য সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত করা হতে পারে। বিষয়টি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন বঞ্চিত প্রকৃত উপভোক্তারা। নলহাটির বিডিও প্রিয়াঙ্কা সাধুখাঁ জানিয়েছেন, পূর্ণাঙ্গ তদন্তের পরই এই নোটিস জারি করা হয়েছে এবং নিয়ম না মানলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।