কলকাতা বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণে সরছে ১৩৬ বছরের পুরনো মসজিদ!
July 11, 20266:46 pm

দমদম বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণের লক্ষ্যে ১৩৬ বছরের পুরনো গৌরীপুর জামে মসজিদ বা ‘বাঁকড়া মসজিদ’ স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। নিরাপত্তার স্বার্থে শনিবার থেকে বিমানবন্দরের ভেতর দিয়ে মসজিদে প্রবেশের বিশেষ এন্ট্রি পাস বন্ধ করে দেওয়া হয়েছে এবং আপাতত সেখানে নামাজ আদায়ও স্থগিত রাখা হয়েছে। রানওয়ের অতি কাছে অবস্থিত হওয়ায় বড় বিমানের ওঠানামায় বিঘ্ন ও নিরাপত্তাজনিত ঝুঁকি নিরসনে এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
স্থানীয় বিধায়ক সৌরভ শিকদার মসজিদ কমিটি ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলোচনা করেছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মসজিদ কমিটি আগেই বিমানবন্দরের নিরাপত্তার বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছিল। এখন বিমানবন্দর কর্তৃপক্ষ মসজিদের পরিবর্তে বাইরে নতুন বড় মসজিদ নির্মাণের বিষয়টি বিবেচনা করছে।