খাসির মাংসের বদলে মুরগি! বিয়ের ভোজ ঘিরে রণক্ষেত্র, আহত বহু
July 11, 20266:50 pm

বিহারের সাহারসায় বিয়ের আনন্দ মুহূর্তেই বিষিয়ে উঠল মাংসের মেনু নিয়ে বিতর্কে। বৃহস্পতিবার রাজনপুর গ্রামে সিমরি বখতিয়ারপুর থেকে আসা বরযাত্রীদের খাসির মাংসের পরিবর্তে মুরগির মাংস পরিবেশন করা হয়। এ নিয়ে অভিযোগ জানাতেই বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে শুরু হয় তীব্র বাগ্বিতণ্ডা। সামান্য এই বিষয়টিই শেষ পর্যন্ত লাঠি ও রড নিয়ে ভয়াবহ সংঘর্ষের রূপ নেয়।
বিয়েবাড়ির এই সংঘর্ষে বরপক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন, যাদের মধ্যে বরের এক আত্মীয়ও রয়েছেন। আহতদের দ্রুত সিমরি বখতিয়ারপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর প্যান্ডেলে চরম বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে এবং আতঙ্কিত অতিথিরা প্রাণ বাঁচাতে দৌড়ঝাঁপ শুরু করেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে এবং বরপক্ষ পুলিশে অভিযোগ জানানোর প্রস্তুতি নিচ্ছে।