নোটিশের আগেই আসানসোলে বুলডোজার, ক্ষুব্ধ মন্ত্রী অগ্নিমিত্রা পাল!
July 11, 20268:09 pm

আসানসোলের জিটি রোড সংলগ্ন এলাকায় হকার উচ্ছেদকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে। পার্কিং দখলমুক্ত করতে ১৫ দিনের নোটিশ দেওয়া হলেও, মেয়াদ শেষ হওয়ার আগেই শুক্রবার বৃষ্টির মধ্যে বুলডোজার চালিয়ে দোকান ভাঙার অভিযোগ ওঠে। এই ঘটনায় ক্ষুব্ধ পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল আসানসোল পুরনিগমের দুই আধিকারিককে শোকজ করেছেন। সন্তোষজনক জবাব না মিললে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
উচ্ছেদ হওয়া হকারদের অভিযোগ, কোনো সতর্কবার্তা ছাড়াই লাঠিচার্জ করে তাঁদের উচ্ছেদ করা হয়েছে। বিরোধী শিবিরের একাংশ একে ‘বুলডোজার রাজনীতি’ বলে কটাক্ষ করলেও, মন্ত্রী ক্ষতিগ্রস্ত হকারদের নতুন বাজারে পুনর্বাসন এবং সরকারি প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন। বর্তমানে জেলাশাসক ও পুর প্রশাসক পুরো পরিস্থিতির ওপর নজর রাখছেন।