রথের দিনে বৃষ্টির চোখরাঙানি, দক্ষিণবঙ্গজুড়ে ভিজবে শহর!

মৌসুমী অক্ষরেখা সক্রিয় হওয়ায় দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ জুড়ে জারি হয়েছে বৃষ্টিপাতের সতর্কতা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবার মুর্শিদাবাদ ও নদীয়াতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে, পাশাপাশি রাজ্যের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের পাঁচ জেলায়—দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির ফলে পার্বত্য এলাকায় ভূমিধস এবং নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
বুধবারে বৃষ্টির দাপট কিছুটা কমলেও বৃহস্পতিবার রথযাত্রার দিন ফের বৃষ্টির সম্ভাবনা বাড়বে। ওইদিন দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। কলকাতাতেও মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। রাজ্যজুড়ে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।