পুলিশ সেজে দু’কোটি টাকার লুট! শহরে ফিরল ‘স্পেশাল ২৬’ আতঙ্ক
July 12, 20262:21 pm

টালিগঞ্জের প্রতাপাদিত্য রোডে ফিল্মি কায়দায় পুলিশের ছদ্মবেশে এক ব্যবসায়ীর অফিসে ঢুকে দু’কোটি টাকা লুটের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার ব্যবসায়ীর অফিসে পৌঁছে ভুয়া পরিচয়পত্র দেখিয়ে নিজেদের গোয়েন্দা পুলিশ বলে দাবি করে লুটেরারা। এরপর তল্লাশির নাম করে ভয় দেখিয়ে কর্মীদের কাছ থেকে মোবাইল কেড়ে নেয় এবং জোর করে সিন্দুক খুলিয়ে ওই বিপুল পরিমাণ টাকা লুট করে চম্পট দেয় দুষ্কৃতী দল।
ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে টালিগঞ্জ থানা ও লালবাজারের গোয়েন্দা বিভাগ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শনিবার পুলিশ এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এবং তার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। বর্তমানে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে গ্যাংয়ের বাকি সদস্যদের সন্ধান ও লুট হওয়া টাকা উদ্ধারে জোর তল্লাশি চালাচ্ছে পুলিশ।