অন্নপূর্ণা যোজনায় বড়সড় দুর্নীতি! গ্রেপ্তার পুরুলিয়া জেলা পরিষদের প্রভাবশালী নেতা ও তাঁর ভাইপো

সরকারি অন্নপূর্ণা যোজনা প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে কারচুপির অভিযোগে তোলপাড় পুরুলিয়া। এই দুর্নীতিতে মদত দেওয়ার অভিযোগে শনিবার রাতে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে জেলা পরিষদের সহ-সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়কে। একই মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাঁর ভাইপো তথা পুঞ্চা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি কৃপাসিন্ধু বন্দ্যোপাধ্যায় এবং কর্মাধ্যক্ষ চরণপাহাড়ি দাসকে। রবিবার সকালে ধৃতদের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জেলা আদালতে পেশ করেছে পুলিশ।
তদন্তকারী সূত্রে জানা গেছে, এর আগে বিডিও কার্যালয়ের অতিথি আবাসে অনধিকার প্রবেশের ঘটনায় স্থানীয় প্রশাসনের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশি তদন্ত শুরু হয়। সেই তদন্তেই অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত আর্থিক অনিয়ম ও কারচুপির বিষয়টি প্রকাশ্যে আসে। নতুন ধারায় মামলা রুজু করে পুনরায় গ্রেপ্তারের পর পুরো বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দুর্নীতির নেপথ্যে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।