সেবাশ্রয়ের ভুল চিকিৎসায় পা হারানো মহিলার পাশে স্বাস্থ্যভবন! দায়ের হলো অভিষেক ও তাঁর পিএ-র বিরুদ্ধে এফআইআর

সেবাশ্রয়ের ভুল চিকিৎসায় পা হারানোর ঘটনায় আরও বিপাকে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মহেশতলার বাসিন্দা মালতী বিশ্বাসের অভিযোগের ভিত্তিতে রবীন্দ্রনগর থানায় অভিষেক এবং তাঁর ব্যক্তিগত সহকারী (পিএ) সুমিত রায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। হাঁটু ব্যথা নিয়ে সেবাশ্রয় ক্যাম্পে গিয়ে ভুল ওষুধ ও পরবর্তী অব্যবস্থাপনায় ওই মহিলার পা কেটে বাদ দিতে বাধ্য হন চিকিৎসকরা। ঘটনাটিকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সাংসদের তত্ত্বাবধানে চলা সেবাশ্রয়ের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগের জেরে এবার নড়েচড়ে বসল রাজ্যের স্বাস্থ্য দপ্তরও। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখতে ভুক্তভোগী পরিবারকে প্রয়োজনীয় নথিপত্রসহ আগামিকাল সকাল ১১টায় স্বাস্থ্যভবনে তলব করা হয়েছে। সরাসরি অভিযোগ শোনার পর স্বাস্থ্যকর্তারা কী পদক্ষেপ নেন, এখন সেটাই দেখার বিষয়।