বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে রক্তক্ষয়ী ‘গ্যাংওয়ার’! পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি চালিয়ে খুন কুখ্যাত দুষ্কৃতী

উত্তর দমদমের বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের খলিসাকোটায় ভয়াবহ ‘গ্যাংওয়ার’-এর জেরে খুন হলেন কুখ্যাত দুষ্কৃতী রাজা দত্ত। অভিযোগ, দুষ্কৃতীরা রাজারই আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে। এই নৃশংস ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। হামলায় রাজা দত্তের দুই সহযোগী গুরুতর জখম হয়েছেন, যাদের দ্রুত উদ্ধার করে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা এখনও সংকটজনক বলে জানা গেছে।
এই ঘটনার পরেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফরেনসিক বিশেষজ্ঞ দল। প্রাথমিক তদন্তের পর পুলিশ এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখনও পর্যন্ত পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। এলাকাটি ঘিরে রাখা হয়েছে এবং অপরাধীদের খুঁজে বের করতে তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে। কী কারণে এই খুনের ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।