সোমবারও হাসপাতাল থেকে ছুটি মিলল না রাজেশ শর্মার! ভুয়ো গুঞ্জনের মাঝে আসল সত্য কী?

সোমবার হাসপাতাল থেকে বাড়ি ফেরার কথা থাকলেও এখনই ছাড়া পাচ্ছেন না অভিনেতা রাজেশ শর্মা। হাসপাতাল সূত্রে খবর, আইসিইউ থেকে তাঁকে আলাদা কেবিনে দেওয়া হলেও এখনও নাকে অক্সিজেনের নল রয়েছে। তবে তিনি বর্তমানে স্থিতিশীল। জ্বর ও শ্বাসকষ্ট কমেছে, শর্করার মাত্রাও স্বাভাবিক। সংক্রমণ রোধে শুক্রবার তাঁর একটি ছোট অস্ত্রোপচার সফল হয়েছে। পুরোপুরি সুস্থ হতে তাঁকে আরও কয়েকদিন চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে থাকতে হবে।
অন্যদিকে, হায়দরাবাদে শুটিং সেটে বিষাক্ত পোকার কামড়ে তাঁর অসুস্থ হওয়ার খবরটি সম্পূর্ণ ভুয়ো বলে উড়িয়ে দিয়েছেন আপ্তসহায়ক শুভাশিস পান্ডা। তিনি জানান, কলকাতায় ফেরার পর রক্তে শর্করার মাত্রা বেড়ে পায়ে সংক্রমণ ছড়ায় এবং তা থেকেই এই অসুস্থতা। এই ভিত্তিহীন গুজবে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। প্রসঙ্গত, হাসপাতালে রাজেশকে দেখতে যান মন্ত্রী ইন্দ্রনীল খাঁ এবং তাঁর আরোগ্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।