বিকাশরঞ্জন ভট্টাচার্যকে হেনস্থার জের, কুণাল ঘোষকে বড়সড় আর্থিক জরিমানা করল হাইকোর্ট
কলকাতা হাইকোর্টের প্রবীণ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এবং আইনজীবী ফিরদৌস শামিমের চেম্বার ঘেরাও ও হেনস্থার ঘটনায় বড় পদক্ষেপ নিল উচ্চ আদালত। এই ঘটনার জেরে তৃণমূল নেতা কুণাল ঘোষ-সহ জড়িতদের আর্থিক জরিমানা করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের সমন্বয়ে গঠিত ৩ বিচারপতির বিশেষ বেঞ্চ কুণাল ঘোষ ও সংশ্লিষ্ট শিক্ষক-চাকরিপ্রার্থীদের প্রত্যেককে দুই হাজার টাকা করে জরিমানা করার নির্দেশ দিয়েছে। আদালতের গরিমা ও আইনজীবীদের নিরাপত্তার স্বার্থে হাইকোর্টের তরফে এই স্বতঃপ্রণোদিত মামলাটি দায়ের করা হয়েছিল।
এসএসসির শারীরশিক্ষা ও কর্মশিক্ষা বিষয়ে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে নিয়োগের বেনিয়মের মামলার জেরে ক্ষোভে ফেটে পড়েন চাকরিপ্রার্থীদের একাংশ। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও নিয়োগ মামলার অগ্রগতি কেন হচ্ছে না, এই প্রশ্ন তুলে রাতে আইনজীবীদের চেম্বারের বাইরে বিক্ষোভ দেখান তাঁরা। এমনকি বিচারপতির সঙ্গে প্রবীণ আইনজীবীর আঁতাতের অভিযোগও তোলা হয়। এই ঘেরাও ও হেনস্থার ঘটনার প্রতিবাদে সরব হন হাইকোর্টের আইনজীবীরাও। আইনজীবী হেনস্থার এই গোটা ঘটনায় এবার কুণাল ঘোষ-সহ অভিযুক্তদের ২০০০ টাকা করে জরিমানা করল হাইকোর্টের তিন বিচারপতির বেঞ্চ।