শ্রাবণের প্রতি সোমবার শিবভক্তদের ওপর আকাশ থেকে ঝরবে ফুল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যের শিবভক্তদের জন্য এক অভূতপূর্ব ও চমকপ্রদ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শ্রাবণ মাসের প্রতি সোমবার পুণ্যার্থীদের ওপর হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। একইসঙ্গে শেওড়াফুলি থেকে তারকেশ্বরের প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ যাত্রাপথে প্রতি ৫ কিলোমিটার অন্তর পুণ্যার্থীদের সুবিধার্থে বিশেষ সেবাকেন্দ্র তৈরি করা হচ্ছে। গোটা শ্রাবণ মাসজুড়ে ভক্তদের জন্য পুলিশি সহায়তা কেন্দ্র, মেডিক্যাল ক্যাম্প, পানীয় জল, ওআরএস এবং বিশ্রামের সুব্যবস্থা থাকবে বলে জানানো হয়েছে।
আপাতত হুগলির তারকেশ্বর ধাম, জলপাইগুড়ির জল্পেশ এবং জয়ন্তীর একটি শিব মন্দিরকে এই বিশেষ ক্ষেত্র হিসেবে বেছে নেওয়া হয়েছে। তারকেশ্বর মন্দিরের সংস্কার ও সৌন্দর্যায়নের জন্য ইতিমধ্যে ১৫ কোটি টাকা ব্যয়ে কাজ চলছে। এই উন্নয়নমূলক কাজ পরিদর্শনে এবং শ্রাবণ মাস শুরুর আগের প্রস্তুতি খতিয়ে দেখতে আগামীকালই তারকেশ্বর সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। এছাড়া আগামী ১৬ তারিখ কলকাতার ঐতিহ্যবাহী ইসকনের রথযাত্রাতেও তাঁর উপস্থিত থাকার কথা রয়েছে।