খড়দহে বিধায়ক-পুত্রের গ্রেফতারিতে ঢাক-ঢোল পিটিয়ে ‘উৎসব’, ছুড়লেন ডিম! জামিনের আর্জি নির্মলের

প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষের গ্রেফতারিতে উত্তাল খড়দহ। সোমবার দুপুরে তীর্থঙ্করকে আদালতে নিয়ে যাওয়ার সময় থানার সামনেই তাঁকে লক্ষ্য করে ডিম ছুড়ে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। ঢাক-ঢোল বাজিয়ে এই গ্রেফতারিকে কার্যত ‘উদ্যাপন’ করতে দেখা যায় ক্ষুব্ধ জনতাকে। জনতার একাংশের দাবি, তীর্থঙ্করের গ্রেপ্তারের ফলে জলহাটি একপ্রকার ‘দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত’ হলো।
জানা গেছে, তোলাবাজি, আগ্নেয়াস্ত্র প্রদর্শন এবং লটারির টিকিট ছিনতাইয়ের মতো একাধিক অভিযোগে রবিবার রাতে তীর্থঙ্করকে গ্রেফতার করে পুলিশ। সোমবার ব্যারাকপুর আদালতে তোলা হলে বিচারক তাঁকে ৬ দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। ছেলের গ্রেফতারির পরই স্বস্তি পেতে আগাম জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ। তবে প্রিজন ভ্যানে ওঠার সময় বারবার ‘চোর’ স্লোগান শুনতে হলেও, তীর্থঙ্কর সংবাদমাধ্যমের সামনে কোনো মন্তব্য করেননি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে থানার সামনে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী।