হরমুজ প্রণালীতে ট্রাম্পের নয়া করের কোপ, বিপাকে ভারতও

আমেরিকা এবার বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও কৌশলগত জলপথ হরমুজ প্রণালীর নিরাপত্তার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার রাতে সমাজমাধ্যম ট্রুথ সোশ্যালে ঘোষণা করেছেন যে, এই অত্যন্ত অস্থিতিশীল অঞ্চলের সুরক্ষায় এখন থেকে আমেরিকাই প্রহরী হিসেবে কাজ করবে। এই বিশাল দায়িত্ব পালনের খরচের ক্ষতিপূরণ হিসেবে ওই প্রণালী দিয়ে যাতায়াতকারী সমস্ত বাণিজ্যিক জাহাজের ওপর ২০ শতাংশ হারে কর চাপানোর সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। শীঘ্রই এই পরিকাঠামো চালু করার প্রক্রিয়া শুরু হতে চলেছে।
ট্রাম্পের এই নজিরবিহীন করের সিদ্ধান্তের আওতায় রয়েছে সমস্ত দেশ, ফলে ভারতের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজগুলোকেও এই মোটা অঙ্কের কর দিতে হবে। তবে ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন যে, ইরান ছাড়া বাকি সমস্ত দেশের বাণিজ্যতরী এই জলপথে অবাধে যাতায়াত করতে পারবে। তেহরানের ওপর পুনরায় কড়া নিষেধাজ্ঞা চাপিয়ে তাদের কোনও জাহাজকে এই প্রণালী ব্যবহারের অনুমতি দেওয়া হবে না। অতি সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে প্রণালীটি নিজেদের নিয়ন্ত্রণে রাখার এবং অভিভাবকত্ব নেওয়ার বার্তা দিয়েছিলেন ট্রাম্প, যা এবার সরাসরি বাস্তবায়িত হতে চলেছে।