আপসে নারাজ দুই পক্ষ! মন্দির-মসজিদ বিতর্কের সমাধান আদালতেই
July 14, 20262:28 pm

বারাণসীর জ্ঞানবাপী, মথুরার শাহি ইদগাহ এবং সম্ভলের জামা মসজিদ বিতর্ক আদালতের বাইরে মেটানোর প্রস্তাব খারিজ করল হিন্দু ও মুসলিম উভয় পক্ষ। আগামী ২১ থেকে ২৩ আগস্ট সুপ্রিম কোর্টে আয়োজিত বিশেষ লোক আদালত ‘সমাধান সমারোহ’-এর মাধ্যমে এই বিবাদ মেটানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু উভয় পক্ষই মধ্যস্থতায় অংশ নিতে স্পষ্ট অস্বীকৃতি জানিয়েছে।
বাদী ও বিবাদীদের দাবি, উপাসনালয় সংক্রান্ত এই বিতর্কগুলি অত্যন্ত সংবেদনশীল এবং ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ। এর সঙ্গে একাধিক জটিল সাংবিধানিক ও আইনি প্রশ্ন সরাসরি জড়িত। তাই লোক আদালতের বদলে উপযুক্ত আইনি প্রক্রিয়ার মাধ্যমেই এর সুনির্দিষ্ট ও চূড়ান্ত মীমাংসা হওয়া প্রয়োজন। পারস্পরিক মধ্যস্থতা নয়, শীর্ষ আদালতের রায়ের ওপরই আস্থা রাখছেন তারা।