বজ্রপাত রুখতে মুখ্যমন্ত্রীর অভিনব দাওয়াই! বনবিতানে ‘অরণ্য সপ্তাহ’-এর সূচনা

মঙ্গলবার সল্টলেকের বনবিতানে গাছ পুঁতে ‘অরণ্য সপ্তাহ’-এর সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিবেশ রক্ষায় বনদপ্তরের উদ্যোগে স্কুলপড়ুয়াদের হাতে তুলে দেওয়া হয় প্রায় ১ কোটি ১০ লক্ষ চারাগাছ। প্রধানমন্ত্রীর ‘মায়ের নামে একটি গাছ’ কর্মসূচিতে অনুপ্রাণিত হয়ে এ বছর রাজ্যে মোট ৭ লক্ষ ২০ হাজার গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। পাশাপাশি, বজ্রপাত থেকে বাঁচতে জনসাধারণকে বেশি করে নারকেল গাছ লাগানোর পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।
অনুষ্ঠানে বনমন্ত্রী মনোজ ওঁরাও-সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী জানান, বনদপ্তরের কর্মীসংকট মেটাতে এ বছরই সমস্ত শূন্যপদ পূরণ করা হবে এবং নিয়োগের দায়িত্ব সামলাবে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। আগামী ২০ জুলাই পর্যন্ত চলবে এই অরণ্য সপ্তাহ। পরিবেশকে দূষণমুক্ত করে রাজ্যের হারানো সবুজ ফিরিয়ে আনতেই এই বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার।