বারুইপুর ধর্ষণ-খুন: সিট ও ফরেন্সিক দলের উপস্থিতিতে ঘটনাস্থলে পুনর্নির্মাণ তদন্ত

বারুইপুর: দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় তদন্তের গতি বাড়াল বিশেষ তদন্তকারী দল (সিট)। মঙ্গলবার দুপুরে তিন অভিযুক্ত— কবীর মোল্লা, আনন্দ সর্দার ও দিবাকর সর্দারকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করেন তদন্তকারীরা। সঙ্গে ছিলেন ফরেন্সিক বিশেষজ্ঞরা, যারা ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ নমুনা সংগ্রহ করেছেন।
তদন্তকারী সূত্রে জানা গেছে, রেললাইনের ধারে যে জায়গায় ঘটনাটি ঘটেছিল, সেখানেই অভিযুক্তদের নিয়ে গিয়ে খুঁটিনাটি খতিয়ে দেখা হয়েছে। সাক্ষীদের উপস্থিতিতে পুরো বিষয়টি পুনর্নির্মাণ করা হয়। উল্লেখ্য, গত মঙ্গলবার অপর এক অভিযুক্ত প্রভাস মণ্ডলকে একই ভাবে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে পুলিশের সার্ভিস রিভলভার ছিনিয়ে পালানোর চেষ্টাকালে এনকাউন্টারে সে নিহত হয়। সেই ঘটনার ঠিক এক সপ্তাহ পর আবারও পুনর্নির্মাণ করা হলো।
প্রসঙ্গত, গত শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারুইপুরে গিয়ে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই চাঞ্চল্যকর মামলার তদন্ত তাঁর সরাসরি নজরদারিতেই হবে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। মুখ্যমন্ত্রীর আশ্বাসে নির্যাতিতার পরিবার তদন্ত প্রক্রিয়ায় আস্থা প্রকাশ করেছে।
বর্তমানে বারুইপুর কাণ্ড নিয়ে মোট চারটি পৃথক মামলার তদন্ত চলছে: ১. নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনা। ২. প্রতিবাদ-বিক্ষোভের জেরে ইন্দ্রজিৎ মণ্ডলের গণপিটুনিতে মৃত্যু। ৩. পুলিশের উপর হামলা ও সরকারি সম্পত্তি নষ্টের ঘটনা। ৪. রেল অবরোধ ও রেলের সম্পত্তি ধ্বংসের মামলা।