ফের বারুইপুরে নাবালিকা পাচারের চেষ্টা, খাবারের লোভ দেখিয়ে তুলে আনার সময় হাতেনাতে পাকড়াও যুবক

ফের বারুইপুরে নাবালিকা পাচারের চেষ্টা, খাবারের লোভ দেখিয়ে তুলে আনার সময় হাতেনাতে পাকড়াও যুবক

বারুইপুর: ফের শিরোনামে বারুইপুর। এবার এক নাবালিকাকে খাবারের লোভ দেখিয়ে অপহরণ ও যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগে তোলপাড় শাসন এলাকা। ঘটনার পরেই স্থানীয়দের তৎপরতায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে বারুইপুর থানার পুলিশ।

ঘটনার বিবরণ: পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত যুবকের বয়স ৩৭ বছর, বাড়ি মথুরাপুরের বাসিন্দা এবং পেশায় সে একজন মুরগি ব্যবসায়ী। উদ্ধার হওয়া নাবালিকার বয়স ১২ থেকে ১৩ বছরের মধ্যে। জানা গিয়েছে, ব্যারাকপুরের বাসিন্দা ওই নাবালিকা পরিবারের সাথে মনোমালিন্যের জেরে শিয়ালদহ স্টেশনে চলে এসেছিল। সেখানে তাকে একা পেয়ে খাবারের লোভ দেখিয়ে ফুসলিয়ে শাসন এলাকায় নিয়ে আসে ওই যুবক।

স্থানীয় সূত্রে জানা যায়, শাসন এলাকায় একটি ঘর ভাড়া নেওয়ার চেষ্টা করছিল ওই যুবক। কিন্তু নাবালিকাকে সাথে দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। তারা তৎক্ষণাৎ তাদের আটকে রেখে পুলিশ ও স্থানীয় বিজেপি কর্মী তাপস দেবনাথকে খবর দেন। তাপসবাবু ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতাকে শান্ত করেন এবং লিখিত অভিযোগ দায়ের করেন।

পুলিশের পদক্ষেপ: অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশি জেরায় জানা গিয়েছে, ওই নাবালিকার বাড়ি ব্যারাকপুরে। তাকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। এই ঘটনার নেপথ্যে পাচারের কোনও বড় চক্র আছে কি না বা অভিযুক্তের আসল উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখছে বারুইপুর থানার পুলিশ। এলাকায় এই ধরনের ঘটনায় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *