পুজোয় নেতা-দখলদারি নয়! কলেজ স্কোয়ারের জল্পনায় ইতি টেনে সাফ বার্তা শমীক ভট্টাচার্যের

কলকাতা: কলেজ স্কোয়ারের দুর্গোৎসবের সঙ্গে যুক্ত হওয়া নিয়ে তৈরি হওয়া জল্পনায় ইতি টানলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। পুজোর উদ্যোক্তারা তাঁকে কমিটিতে যোগ দেওয়ার আবেদন জানালেও, তা সরাসরি খারিজ করে দিয়েছেন তিনি। শমীক স্পষ্ট জানিয়েছেন, শুধু কলেজ স্কোয়ার নয়, কোনো পুজোরই কোনো দায়িত্ব বা সভাপতি পদের সঙ্গে তিনি যুক্ত হবেন না।
পুজোয় রাজনৈতিক দখলদারির বিরোধিতা নিউজ১৮ বাংলাকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিজেপি রাজ্য সভাপতি নিজের অবস্থান স্পষ্ট করেন। তাঁর কথায়, “এলাকার বিধায়ক বা মন্ত্রীরা ব্যক্তিগতভাবে পুজোর সভাপতি হতেই পারেন, কিন্তু রাস্তায় বেরিয়ে বিধায়ক, সাংসদ বা বিজেপি নেতাদের সব পুজোর দায়িত্ব নেওয়া—এমন সংস্কৃতি আমি সমর্থন করি না। পুজো দখল করা চলবে না।”
সাফ বার্তা দিলেন শমীক গত তিন মাস ধরে কলেজ স্কোয়ারের পুজো কমিটি তাঁকে যুক্ত হওয়ার অনুরোধ জানালেও, শমীক ভট্টাচার্য বরাবরই এতে অনীহা প্রকাশ করেছেন। বর্তমানে তৃণমূল কংগ্রেসের আমলে অধিকাংশ পুজোই রাজনৈতিক নেতাদের দখলে চলে গেছে বলে অভিযোগ ওঠে। সেই ধারার উল্টো পথে হেঁটে শমীক ভট্টাচার্য বার্তা দিলেন যে, পুজো কমিটিগুলোর ওপর নেতাদের আধিপত্য বা দখলদারি থাকা উচিত নয়। তাঁর এই কঠোর বার্তা রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।