ভোটকুশলী থেকে সরাসরি রাজনীতির ময়দানে পা রেখেই কি চমকে দিলেন প্রশান্ত কিশোর!

বিহারের বাঁকিপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন জন সুরাজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর (পিকে)। সোমবার বাবা হরিহরনাথ মন্দিরে পুজো দিয়ে কর্মী-সমর্থকদের সাথে মিছিল করে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। এতদিন নেপথ্যে থেকে বিভিন্ন রাজনৈতিক দলকে জেতানোর কারিগর হিসেবে কাজ করলেও, এবারই প্রথম নিজে ভোটের লড়াইয়ে নামছেন পিকে। এই কেন্দ্রের বিদায়ী বিধায়ক তথা বর্তমান রাজ্যসভা সদস্য নীতীন নবীনের ছেড়ে যাওয়া বিজেপির এই শক্ত ঘাঁটিতেই এবার বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তিনি।
মনোনয়নপত্র জমা দেওয়ার পরেই প্রকাশ্যে এসেছে এই ভোটকুশলীর বিপুল সম্পত্তির খতিয়ান, যা দেখে সাধারণ মানুষের চোখ কপালে উঠেছে। হলফনামা অনুযায়ী, প্রশান্ত কিশোরের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৯৬ কোটি টাকা, যার মধ্যে ৭৩.৮৭ কোটির অস্থাবর এবং ২২.১৯ কোটির স্থাবর সম্পত্তি রয়েছে। দিল্লি, পাটনা ও বক্সারে জমি ছাড়াও গাজিয়াবাদে তাঁর ফ্ল্যাট রয়েছে। অন্যদিকে, পেশায় আইনজীবী তাঁর স্ত্রী জাহ্নবী দাসের সম্পত্তি ইতিমধ্যেই ১০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। তবে বিপুল এই সম্পত্তির পাশাপাশি পিকের নামে ৫.৭৭ কোটি টাকার ঋণও রয়েছে।