বাংলার ইস্পাত শিল্পে নতুন আশা! দুর্গাপুরে দুই কারখানার সংযুক্তি নিয়ে বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর

পশ্চিমবঙ্গে শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচনের বার্তা দিলেন কেন্দ্রীয় ভারী ও ইস্পাত মন্ত্রী এইচ ডি কুমারস্বামী। দুর্গাপুরে ‘স্টিল কনসাল্টিভ কমিটি’র বৈঠকে তিনি ঘোষণা করেন, রাষ্ট্রায়ত্ত ইস্পাত সংস্থা সেইলের দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানা ও ডিএসপি-কে সংযুক্ত করা হবে। লক্ষ্য ২০৩০ সালের মধ্যে দেশে ইস্পাত উৎপাদনের পরিমাণ ৩০০ মেট্রিক টনে উন্নীত করা। এই সংযুক্তিকরণের ফলে ডিএসপির বার্ষিক উৎপাদন ক্ষমতা বর্তমানের ২.২ মেট্রিক টন থেকে বাড়িয়ে ৪.০৮ মেট্রিক টনে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ইস্কো স্টিল প্লান্টের ক্ষমতা ৭ মেট্রিক টন থেকে বাড়িয়ে ৯ মেট্রিক টন করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
এই প্রকল্পের মাধ্যমে রাজ্যে বড় বিনিয়োগের ইঙ্গিত পাওয়া গেছে, যা স্থানীয় কর্মসংস্থান ও শিল্পখরা কাটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বৈঠকের পর মন্ত্রী জানান, মিশ্র ইস্পাত কারখানার আধুনিকীকরণে প্রায় ১৮০০ কোটি টাকার প্রস্তাব গ্রহণ করা হয়েছে। এছাড়া, সেইল কারখানায় শ্রমিকদের সুরক্ষা ও অধিকার নিয়ে কঠোর নির্দেশ দিয়েছেন তিনি। ২০৩০ সালের এই লক্ষ্যমাত্রা পূরণে সরকারি ও বেসরকারি খাতের সম্মিলিত অংশগ্রহণকে গুরুত্ব দিচ্ছে কেন্দ্র। আধুনিকীকরণ ও সংযুক্তিকরণের এই উদ্যোগ বাংলা তথা দেশের ইস্পাত মানচিত্রে এক নতুন অধ্যায় যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।