শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্ক! শওকত মোল্লার এমএ ডিগ্রি কি ভুয়া? সিবিআই তদন্তের দাবি বিজেপির

বোমা তৈরির কারিগর থেকে এমএ পাস—শওকত মোল্লার শিক্ষাগত যোগ্যতা নিয়ে এবার গুরুতর প্রশ্ন তুলল বিজেপি। বিস্ফোরণ মামলায় জেলবন্দি ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক ও ভাঙড়ের তৃণমূল প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার তথ্য ‘ভুয়া’ বলে অভিযোগ করে পুলিশের দ্বারস্থ হয়েছে গেরুয়া শিবির।
বিজেপির দাবি, নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় শওকত মিথ্যে তথ্য দিয়েছেন। দক্ষিণ ২৪ পরগনার বিজেপি নেতা অভিজিৎ দাসের কটাক্ষ, “একজন জনপ্রতিনিধি কী করে বিধায়ক পদ সামলে রাজস্থান থেকে রেগুলার কোর্সে এমএ করেন? তিনি কি বিমানে ক্লাস করতে যেতেন?” বিজেপির অভিযোগ, শওকত ফাইভ-সিক্স শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন, কিন্তু বিভিন্ন সময়ে হলফনামায় কখনও উচ্চ মাধ্যমিক, কখনও স্নাতক, আবার কখনও স্নাতকোত্তর হওয়ার দাবি করেছেন।
বিজেপি নেতৃত্বের অভিযোগ, শওকত একটি আন্তঃরাজ্য ভুয়ো শংসাপত্র চক্রের সঙ্গে যুক্ত থাকতে পারেন। এই বিষয়ে তদন্তের জন্য জীবনতলা থানা ও বারুইপুর এসপি অফিসে অভিযোগ জানানো হয়েছে। পাশাপাশি, পুরো বিষয়টি সিবিআই দিয়ে তদন্তের দাবিও তুলেছেন তারা। প্রসঙ্গত, ভাঙড়ের একটি বিস্ফোরণ মামলায় বর্তমানে এনআইএ-র হেফাজতে রয়েছেন প্রাক্তন এই বিধায়ক।