আবাসের টাকা না মেলার চরম পরিণতি, দেওয়াল ধসে বাঁকুড়ায় মৃত্যু ২ বছরের শিশুর

বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের আমডহরা গ্রামে মাটির বাড়ির দেওয়াল ধসে মর্মান্তিক মৃত্যু হল ২ বছরের শিশু তামিম খানের। বৃষ্টির জেরে মঙ্গলবার সকালে আচমকাই ভেঙে পড়ে ওই জীর্ণ বাড়ির একাংশ। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন পরিবারের সদস্য ও এক প্রতিবেশী-সহ মোট চারজন। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন। আহত বাকি তিনজন বর্তমানে সেখানেই চিকিৎসাধীন।
জানা গিয়েছে, পরিবারটি আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেলেও দ্বিতীয় কিস্তি এখনও পায়নি। ফলে নতুন বাড়ি তৈরির কাজ আটকে যাওয়ায় বাধ্য হয়ে বিপজ্জনক কাঁচা ঘরেই দিন কাটছিল তাঁদের। এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিষ্ণুপুরের বিডিও ও পুলিশ আধিকারিকরা। বাকাদহ গ্রাম পঞ্চায়েতের প্রধান আবাসের দ্বিতীয় কিস্তির টাকা না মেলার বিষয়টি স্বীকার করে নিয়েছেন। প্রশাসন পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।