ট্রেনে নিয়ম ভাঙলেই বড় জরিমানা! মহিলা কোচে অবৈধ প্রবেশে দিতে হবে ২৫০০ টাকা

কলকাতা, ১৪ জুলাই ২০২৬: ভারতীয় রেলে ভ্রমণের নিয়মে বড়সড় পরিবর্তন আনল রেল কর্তৃপক্ষ। ‘পাবলিক ট্রাস্ট অ্যাক্ট ২০২৬’-এর আওতায় রেলওয়ে আইন, ১৯৮৯-এ বেশ কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী আনা হয়েছে। টিকিটবিহীন ভ্রমণ, মহিলা কোচে অবৈধ প্রবেশ, ট্রেনে ধূমপান বা ভিক্ষা করার মতো অপরাধের ক্ষেত্রে জরিমানার পরিমাণ এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে।

জরিমানা থেকে বাঁচতে চাইলে জানুন নতুন নিয়ম: রেলের নতুন সংশোধনী অনুযায়ী, এখন থেকে ছোটখাটো অপরাধের জন্য সরাসরি আদালতের ঝামেলায় না জড়িয়ে ঘটনাস্থলেই জরিমানা পরিশোধের ব্যবস্থা রাখা হয়েছে। তবে, জরিমানা দিতে অস্বীকার করলে মামলা সরাসরি আদালতে গড়াবে। একই অপরাধ বারবার করলে কঠোর শাস্তি ও কারাদণ্ডের বিধানও বহাল থাকছে।

এক নজরে নতুন জরিমানার তালিকা:

  • মহিলা কোচে পুরুষের প্রবেশ: ২৫০০ টাকা।
  • ট্রেনে ধূমপান: ২০০০ টাকা।
  • অননুমোদিত ফেরি করা বা ভিক্ষা করা: ২০০০ টাকা।
  • সংরক্ষিত কামরায় অনুমতি ছাড়া প্রবেশ: ২০০০ টাকা।
  • মদ্যপান বা অশ্লীল আচরণ: ১০০০ টাকা বা সমাজসেবামূলক কাজ।
  • টিকিট ছাড়া বা জাল টিকিট নিয়ে ভ্রমণ: ন্যূনতম ৫০০ টাকা।
  • বিপজ্জনক দ্রব্য পরিবহন: কমপক্ষে ১০,০০০ টাকা।

রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF) এবং ইস্ট কোস্ট রেলওয়ের তরফে সাধারণ যাত্রীদের সচেতন করতে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যাত্রীদের সুবিধার কথা ভেবেই অনেক অপরাধকে ফৌজদারি মামলার তালিকা থেকে সরিয়ে আর্থিক জরিমানার আওতায় নিয়ে আসা হয়েছে, যাতে দ্রুত সমস্যার নিষ্পত্তি করা সম্ভব হয়। তাই ট্রেনে ওঠার আগে অবশ্যই নিয়মগুলো মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *