প্রশ্নপত্র থেকে নির্বাচন সবই বিক্রি হচ্ছে দেশে, মোদি ও বিরোধীদের কড়া বার্তা সোনমের!

নিট কারচুপির প্রতিবাদ ও শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে দিল্লির যন্তর মন্তরে ১৭ দিন ধরে অনশন করছেন শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। অনশন মঞ্চ থেকে প্রধানমন্ত্রীকে একগুঁয়েমি ছেড়ে সংবেদনশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সরকারের নীরবতায় ক্ষুব্ধ সোনম বলেন, দেশে এখন সততার কোনও দাম নেই, প্রশ্নপত্র থেকে নির্বাচন—সবকিছুই বিক্রি হয়ে যাচ্ছে। তাঁর মতে, সরকারের এই জবাবদিহিহীনতা গোটা দেশের জন্য চরম কলঙ্কজনক।
সরকারের পাশাপাশি দেশের বিরোধী দলগুলোর ভূমিকা নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। দীর্ঘ অনশনে রাহুল গান্ধী বা মল্লিকার্জুন খাড়গের মতো শীর্ষ নেতাদের দেখা না মেলায় তিনি হতাশ। সোনমের হুঁশিয়ারি, এমন গুরুত্বপূর্ণ বিষয়ে বিরোধীরা গা-ছাড়া মনোভাব দেখালে তারাও সমানভাবে দায়ী থাকবেন। তবে সাধারণ মানুষ পথে নামলে সরকার নতিস্বীকার করে সমাধান খুঁজতে বাধ্য হবে বলে তিনি আশাবাদী।