এনকাউন্টারে মৃত্যুর পর এবার ৩ অভিযুক্তকে নিয়ে বারুইপুর কাণ্ডের পুনর্নির্মাণ পুলিশের

বারুইপুর গণধর্ষণ ও খুনের ঘটনায় তদন্তের স্বার্থে এবার তিন অভিযুক্ত আনন্দ সর্দার, দিবাকর সর্দার এবং কবীর মোল্লাকে নিয়ে ঘটনাস্থলে গেলেন তদন্তকারী আধিকারিকরা। সিআইডি ও ফরেনসিক বিশেষজ্ঞদের উপস্থিতিতে মঙ্গলবার সকালে পুলিশ এই ঘটনার পুনর্নির্মাণ সম্পন্ন করেছে। এর আগে এই ঘটনার পুনর্নির্মাণের সময় পুলিশের এনকাউন্টারে মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বাকি অভিযুক্তদের নিয়ে এই তদন্ত প্রক্রিয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
ঘটনাস্থলে নিয়ে গিয়ে অভিযুক্তদের থেকে ঘটনার খুঁটিনাটি তথ্য সংগ্রহ করেছেন গোয়েন্দারা। অপরাধ সংঘটিত হওয়ার পদ্ধতি বুঝতে পুরো প্রক্রিয়াটি ভিডিও রেকর্ড করা হয়েছে। এদিন যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেজন্য বারুইপুর জেলা পুলিশ এলাকায় বাড়তি সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছিল। উল্লেখ্য, নাবালিকাকে ধর্ষণ ও খুনের এই চাঞ্চল্যকর ঘটনায় ধপধপি এলাকা উত্তপ্ত হয়ে উঠেছিল, যা নিয়ে রাজ্যজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।