বিশেষভাবে সক্ষমদের নিয়ে কুরুচিকর রসিকতা, সময় রায়না-সহ ৫ কমেডিয়ানকে ৩ লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের

বিশেষভাবে সক্ষমদের নিয়ে কুরুচিকর রসিকতা, সময় রায়না-সহ ৫ কমেডিয়ানকে ৩ লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের

ইউটিউবের জনপ্রিয় শো ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’ (India’s Got Latent)-এর মঞ্চে বিশেষভাবে সক্ষম মানুষদের নিয়ে অসংবেদনশীল ও আপত্তিকর মন্তব্য করার দায়ে আইনি জালে জড়িয়ে পড়লেন জনপ্রিয় কমেডিয়ান সময় রায়না ও তাঁর চার সহযোগী। মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ অভিযুক্তদের ৩ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিয়েছে।

আদালতের কঠোর হুঁশিয়ারি, নির্দিষ্ট সময়ের মধ্যে জরিমানা না দিলে এই অঙ্ক ৩০ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।

আদালতে কেন ক্ষুব্ধ প্রধান বিচারপতি? মামলার শুনানিকালে আদালতের সহায়তাকারী (অ্যামিকাস কিউরি) অপরাজিতা সিং জানান, সুপ্রিম কোর্টের পূর্ববর্তী নির্দেশ থাকা সত্ত্বেও অভিযুক্তরা শর্ত পালনে গড়িমসি করেছেন। তিনি অভিযোগ করেন, “এসএমএ (SMA) ফাউন্ডেশন বা আক্রান্ত রোগীদের পাশে দাঁড়ানোর কোনো সদিচ্ছাই তাঁদের নেই।” সময় রায়নার পেশ করা জবাবকে ‘দীর্ঘসূত্রিতাপূর্ণ’ আখ্যা দিয়ে প্রধান বিচারপতি তা সরাসরি খারিজ করে দেন। আদালত প্রশ্ন তোলে, যাঁরা আক্রান্তদের নিয়ে মশকরা করেন, তাঁরা আদৌ যুব সমাজের আদর্শ হওয়ার যোগ্য কি না।

বিতর্কের সূত্রপাত ঘটনার সূত্রপাত ২০২৫ সালে। ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’ সিজন ১-এর দুটি পর্বে সময় রায়না ও তাঁর সঙ্গীরা স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোফি (SMA) আক্রান্ত এক শিশু, দৃষ্টিহীন এবং অন্যান্য বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের লক্ষ্য করে অত্যন্ত অসংবেদনশীল মন্তব্য করেছিলেন। এর পরেই দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। সমাজকর্মীদের আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট তাঁদের তলব করে এবং জনসমক্ষে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছিল।

সুপ্রিম কোর্টের নির্দেশাবলি: ১. পাঁচ কমেডিয়ানকে অবিলম্বে জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। ২. প্রতি মাসে অন্তত দুটি ‘চ্যারিটি কমেডি শো’ আয়োজন করতে হবে, যেখান থেকে প্রাপ্ত অর্থ এসএমএ আক্রান্ত শিশুদের চিকিৎসায় দান করতে হবে। ৩. বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে জরিমানা জমা না দিলে শাস্তির বহর আরও বৃদ্ধি করা হবে।

প্রধান বিচারপতি স্পষ্ট করে দিয়েছেন, “নির্দেশ না মানলে জরিমানার অংকের পাশে আরও একটি শূন্য যোগ করা হতে পারে।” বাকস্বাধীনতার নামে সংবেদনশীল বিষয় নিয়ে উপহাস করার প্রবণতাকে যে আদালত বরদাস্ত করবে না, আজকের এই কড়া পদক্ষেপই তার প্রমাণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *