বর্ষায় ফের রাজ্যে বাড়ছে কোভিড! কতটা উদ্বেগের? কী বলছেন চিকিৎসকেরা?

বর্ষার মরশুমে ডেঙ্গু-ম্যালেরিয়ার পাশাপাশি পশ্চিমবঙ্গে, বিশেষ করে কলকাতায় ফের নতুন করে বাড়তে শুরু করেছে কোভিড-১৯ সংক্রমণ। ঘরে ঘরে জ্বর, সর্দি-কাশির প্রকোপ। আর এতেই সাধারণ মানুষের মনে ফের উঁকি দিচ্ছে ২০২০-২১ সালের সেই ভয়াবহ লকডাউন আর মহামারির স্মৃতি। কিন্তু সত্যিই কি আতঙ্কিত হওয়ার কারণ আছে? চিকিৎসকেরা কী বলছেন?
ভয়ের কিছু নেই, বলছেন বিশেষজ্ঞরা চিকিৎসকরা স্পষ্টতই আশ্বাস দিয়েছেন, বর্তমান পরিস্থিতির সঙ্গে অতীতের সেই ভয়াবহ কোভিড ঢেউয়ের কোনও মিল নেই। মুকুন্দপুর নারায়ণা আরএন টেগোর হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ ডা. যুদ্ধজিৎ সেনগুপ্ত জানান, বর্তমানে কোভিড সাধারণ মরসুমি ফ্লু-এর মতোই আচরণ করছে। তাই অহেতুক প্যানিক বা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।
বর্তমানে কী কী উপসর্গ দেখা যাচ্ছে? এখনকার আক্রান্তদের মধ্যে মূলত সাধারণ ফ্লু-এর লক্ষণই বেশি দেখা যাচ্ছে। যেমন:
- জ্বর ও গলা ব্যথা
- গা-হাত-পায়ে ব্যথা
- কাশি ও নাক দিয়ে জল পড়া
অধিকাংশ মানুষ বাড়িতে আইসোলেশনে থেকেই সুস্থ হয়ে উঠছেন। অনেকেই উপসর্গ হালকা থাকায় আর কোভিড পরীক্ষাও করাচ্ছেন না।
হাসপাতালগুলির কী পরিস্থিতি? চিকিৎসকদের মতে, কোভিড মোকাবিলায় হাসপাতালগুলি সম্পূর্ণ প্রস্তুত। ফোর্টিস হাসপাতালের বিশেষজ্ঞ ডা. শুভজিৎ সেন জানান, বর্তমান সংক্রমণ অনেকটাই ওমিক্রন ঢেউয়ের মতো, যা মূলত শ্বাসনালীর ওপরের অংশেই সীমাবদ্ধ থাকছে। হাসপাতালে ভর্তির হার খুবই কম এবং যাঁদের অক্সিজেনের মাত্রা কমে যাওয়ার কারণে আইসিইউ-তে রাখা হচ্ছে, তাঁরাও চিকিৎসায় দ্রুত সাড়া দিচ্ছেন।
কাদের বেশি সাবধান হতে হবে? সবাইকে আতঙ্কিত হতে বারণ করা হলেও, কিছু নির্দিষ্ট শ্রেণির মানুষকে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ডা. দেবদীপ দত্ত এবং ডা. সৌরিত সিনহা।
- যাঁদের বয়স ৬০ বছরের বেশি।
- ডায়াবেটিস, হাঁজল বা হার্টের সমস্যা রয়েছে যাঁদের।
- গর্ভবতী নারী এবং শিশু।
- যাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম বা যাঁরা দীর্ঘদিন স্টেরয়েড নিচ্ছেন।
এই ব্যক্তিদের ক্ষেত্রে যদি জ্বর এক সপ্তাহের বেশি থাকে, শ্বাসকষ্ট হয় বা অক্সিজেনের মাত্রা কমে যায়, তবে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
কীভাবে সুরক্ষিত থাকবেন? চিকিৎসকেরা ফের একবার মনে করিয়ে দিয়েছেন সেই পুরোনো স্বাস্থ্যবিধি। জনবহুল এলাকায় মাস্ক পরা, নিয়মিত হাত ধোয়া, পুষ্টিকর খাবার খাওয়া এবং অসুস্থ বোধ করলে বাড়িতে বিশ্রাম নেওয়াই হলো বর্তমান কোভিড পরিস্থিতি মোকাবিলার সবচেয়ে বড় হাতিয়ার। ব্যাপক টিকাকরণের ফলে সাধারণ মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা এখন অনেকটাই বেশি, তাই নিয়ম মানলেই সুস্থ থাকা সম্ভব!