ঘরোয়া ক্রিকেটে বড় ধাক্কা! ডিক্লেয়ারে নিষেধাজ্ঞা থেকে নো বলে আজীবন কড়া নিয়ম আনল বিসিসিআই
July 22, 202611:52 am

ঘরোয়া ক্রিকেট মরশুম শুরুর আগে একাধিক বড়সড় নিয়ম বদলে ফেলল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (MCC)-এর প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী ঘরোয়া ক্রিকেটে আনা হচ্ছে কড়া এবং যুগান্তকারী কিছু পরিবর্তন। আগামী মাসে দলীপ ট্রফি দিয়ে শুরু হতে চলা ঘরোয়া মরশুমের আগেই রাজ্য অ্যাসোসিয়েশনগুলোকে এই নতুন নিয়মগুলোর কথা জানিয়ে দিয়েছে বোর্ড।
বদল হওয়া প্রধান নিয়মগুলো এক নজরে:
- নো বলে কঠোর শাস্তি: বোলাররা ইচ্ছাকৃত ফ্রন্টফুট নো বল বা বিমার করলে এতদিন শুধু ওই ইনিংসে নিষিদ্ধ করা হতো। এখন এমসিসি-র ৪১.৮ নিয়ম অনুযায়ী, আম্পায়ার চাইলে বোলারকে পুরো ম্যাচের জন্যই নিষিদ্ধ করতে পারবেন।
- শেষ ওভারে উইকেট পতনের নিয়ম বদল: এতদিন দিনের শেষ ওভারে উইকেট পড়লেই দিনের খেলা শেষ করে দেওয়া হতো। নতুন নিয়মে উইকেট পড়লেও ওভারের বাকি বলগুলো খেলতে হবে। ১২.৫.২ নিয়ম অনুযায়ী পরবর্তী ব্যাটারকে অন্তত এক বলের জন্য ক্রিজে আসতেই হবে।
- ইনিংস ডিক্লেয়ার নিষিদ্ধ: ম্যাচের শেষ ইনিংসে আর কোনও দল ইনিংস ডিক্লেয়ার করতে পারবে না। ১৫.২ নম্বর নিয়ম অনুযায়ী এই পরিবর্তন আনা হয়েছে, যাতে কৃত্রিম উপায়ে ম্যাচের ফল প্রভাবিত না হয়।
- কোচেদের বিশেষ সুবিধা: ঘরোয়া ওয়ানডে ম্যাচের জলপান বিরতিতে এখন থেকে কোচেরা সরাসরি মাঠে প্রবেশ করতে পারবেন। আন্তর্জাতিক ক্রিকেটেও এই নিয়ম চালুর কথা ভাবছে আইসিসি।
- উইকেটকিপারদের বড় ছাড়: এতদিন বোলার রানআপ নেওয়ার সময় থেকেই কিপারদের উইকেটের পেছনে হাত রাখতে হতো, অন্যথায় নো বল হতো। নতুন নিয়মে ডেলিভারির ঠিক আগের মুহূর্ত পর্যন্ত কিপাররা হাত উইকেটের পেছনে রাখার নিয়মে ছাড় পাবেন।
নতুন এই নিয়মগুলো ঠিকঠাক কার্যকর করতে ঘরোয়া মরশুম শুরুর আগে আম্পায়ারদের নিয়ে একটি বিশেষ সচেতনতামূলক কর্মসূচিও করবে বিসিসিআই।