সোনম ওয়াংচুকের স্ত্রীর নিশানায় রাহুল গান্ধী, প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে তোপ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি নিয়ে তীব্র সমালোচনা করেছেন সমাজকর্মী সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি অ্যাংমো। তাঁর অভিযোগ, শিক্ষার্থীদের আন্দোলনকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে।
২১ জুলাই প্রশ্নফাঁস ইস্যুতে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী সহ কংগ্রেসের একাধিক নেতা প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে বিক্ষোভে অংশ নেন এবং পুলিশ তাঁদের আটক করে। ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে গীতাঞ্জলি অ্যাংমো এই কর্মসূচিকে ‘অবিবেচক’ ও ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে মন্তব্য করেন। তাঁর স্পষ্ট মত, এই ধরনের কর্মসূচির পরিবর্তে রাহুল গান্ধীদের যন্তর মন্তরে আন্দোলনরত পড়ুয়াদের পাশে দাঁড়ানো উচিত ছিল।
রাজনীতিবিদরা সোনম ওয়াংচুকের খ্যাতি এবং জনপ্রিয়তাকে নিজেদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করছেন বলেও তোপ দেগেছেন গীতাঞ্জলি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সাধারণ মানুষকে আর বোকা বানানো যাবে না এবং দায়িত্বজ্ঞানহীনদের পড়ুয়ারা নিজেরাই প্রত্যাখ্যান করবে।
উল্লেখ্য, অনশন আন্দোলনের জেরে বর্তমানে সোনম ওয়াংচুক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর পক্ষ থেকে সরকারের কাছে নতুন দাবিপত্র পেশ করা হয়েছে এবং ২০ জুলাইয়ের অভিযানে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নেওয়ার আবেদন জানানো হয়েছে।