বর্ষায় ২ দিনের বেশি জ্বর? কোন কোন টেস্ট করানো বাধ্যতামূলক, জেনে নিন চিকিৎসকের পরামর্শ
July 25, 20265:41 pm

বর্ষার আগমন ও আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গেই দক্ষিণ ও উত্তরবঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জ্বরের প্রকোপ। ঘরে ঘরে এখন ভাইরাল ফিভারের হানা। তবে চিকিৎসকদের মতে, সাধারণ জ্বর ২-৩ দিনের মধ্যে সেরে গেলেও তা দীর্ঘায়িত হলে অবহেলা করা মারাত্মক হতে পারে। বিশিষ্ট চিকিৎসক ডা. উৎসব দাসের মতে, জ্বর ২ দিনের বেশি স্থায়ী হলে কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা করিয়ে নেওয়া অত্যন্ত জরুরি।
কোন কোন টেস্ট করাবেন?
- সিবিসি (CBC) ও ইএসআর (ESR): জ্বর না কমলে সবার প্রথমে কমপ্লিট ব্লাড কাউন্ট (CBC) এবং ইএসআর পরীক্ষা করানোর পরামর্শ দেন চিকিৎসকরা। এর মাধ্যমে রক্তে ইনফেকশনের উপস্থিতি ও বিভিন্ন প্যারামিটার সহজে বোঝা যায়।
- ডেঙ্গু ও ম্যালেরিয়া পরীক্ষা: বর্ষাকালে মশার উপদ্রব বাড়ে, তাই মশাবাহিত রোগ এড়াতে ডেঙ্গু ও ম্যালেরিয়া টেস্ট করানো দরকার।
- জ্বরের প্রথম ৫ দিনের মধ্যে ডেঙ্গি এনএস১ (NS1) টেস্ট করাতে হয়।
- জ্বর ৫ দিন পেরিয়ে গেলে ডেঙ্গি আইজিএম (IgM) টেস্ট করানোর পরামর্শ দেন চিকিৎসকরা।
- কোভিড ও টাইফয়েড টেস্ট: পরিস্থিতি বুঝে বা রোগীর লক্ষণ দেখে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কোভিড বা টাইফয়েডের মতো পরীক্ষাও করা হতে পারে।
জ্বরের প্রাথমিক চিকিৎসা ও করণীয়:
সাধারণ ভাইরাল ফিভারের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে নিয়মিত প্যারাসিটামল খেতে হবে। শরীরে জলের ঘাটতি মেটাতে ও মেটাবোলিজম বাড়াতে প্রচুর পরিমাণে জল পান করা আবশ্যক। প্রয়োজনবোধে ভিটামিন বা অ্যান্টিঅ্যালার্জিক ওষুধ দেওয়া হতে পারে। তবে ম্যালেরিয়া বা টাইফয়েড ধরা পড়লে চিকিৎসকের নির্দেশমতো নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক বা কোর্স সম্পন্ন করতে হবে।