শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও যন্তর মন্তরে আন্দোলন প্রত্যাহার, কেন্দ্রের সঙ্গে সফল বৈঠকের পর ঘোষণা সিজেপির

ককরোচ জনতা পার্টির (CJP) সঙ্গে কেন্দ্রের তৃতীয় দফার বৈঠকের আগেই শনিবার দুপুরে পদত্যাগ করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এটি ছিল আন্দোলনকারীদের প্রধান তিনটি দাবির মধ্যে অন্যতম। তাঁর ইস্তফার খবর পাওয়ার পরেই যন্তর মন্তরে উল্লাসে ফেটে পড়েন অভিজিৎ দীপক সহ আন্দোলনকারীরা। বাকি দুটি দাবি নিয়ে এরপরই কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে বসেন সিজেপির মুখপাত্ররা। দীর্ঘ আলোচনার পর যৌথ সাংবাদিক বৈঠক থেকে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করা হয়।
বৈঠক শেষে জেপি নাড্ডা আশ্বাস দেন যে, আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ নেওয়া হবে না এবং দিল্লি পুলিশের করা সমস্ত এফআইআর খতিয়ে দেখা হবে। এছাড়া নিটকাণ্ডে মৃত পড়ুয়াদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ এবং শিক্ষাব্যবস্থায় সংস্কারের দাবিও সরকারের পক্ষ থেকে ইতিবাচকভাবে বিবেচনা করা হবে বলে জানানো হয়।
কেন্দ্রের আশ্বাসের পর সিজেপির মুখপাত্র সৌরভ দাস ঘোষণা করেন, সরকারের প্রতি আস্থা রেখেই তাঁরা আপাতত যন্তর মন্তরের আন্দোলন প্রত্যাহার করছেন এবং আগামী ৪ সপ্তাহ পর ফের আলোচনায় বসবেন। অন্যদিকে, শিক্ষামন্ত্রীর ইস্তফাপত্র প্রসঙ্গে জানানো হয়েছে, রাষ্ট্রবিরোধী শক্তি যাতে আন্দোলনকে ব্যবহার করতে না পারে এবং পড়ুয়াদের ভবিষ্যৎ সুরক্ষিত থাকে, সেই কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।