বহরমপুর স্টেশনে ভয়ঙ্কর দুর্ঘটনা! প্ল্যাটফর্মের লোহার পাত ভেঙে জখম ৭ যাত্রী, ভর্তি হাসপাতালে

বহরমপুর স্টেশনে এক ভয়াবহ দুর্ঘটনায় আহত হলেন ৭ জন যাত্রী। প্ল্যাটফর্মের শেডের সঙ্গে থাকা লোহার পাত ভেঙে পড়ার জখম হন তাঁরা। সোমবার দুপুরের এই ঘটনায় গোটা স্টেশন চত্বরে তীব্র চাঞ্চল্য ছড়ায়। আহত প্রত্যেককেই দ্রুত উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এই আকস্মিক দুর্ঘটনার জেরে ট্রেন চলাচলে বা রেল পরিষেবায় কোনো ব্যাঘাত ঘটেনি বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
কীভাবে ঘটল দুর্ঘটনা?
জানা গিয়েছে, সোমবার দুপুরে লালগোলা প্যাসেঞ্জার ট্রেন ধরার জন্য ১ নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন বহু যাত্রী। ঠিক সেই সময়ই আচমকা প্ল্যাটফর্মের শেডের সঙ্গে লাগোয়া বিদ্যুতের আর্থিং-এর একটি ভারী লোহার পাত ভেঙে সোজা যাত্রীদের ওপর এসে পড়ে। হঠাৎ এই দুর্ঘটনায় রেল যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও রেল সূত্রে জানানো হয়েছে, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন আহতরা
মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে পাঁচজন যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে তিনজন পুরুষ ও দু’জন মহিলা রয়েছেন। তাঁদের পরিচয়ও মিলেছে— মহম্মদ মহসিন হাজি (৭৫), অমর হাজরা (৩৪), ইজাজ আহমেদ (২৭), আঙ্গুরা বিবি (৪০) এবং আজিনুর বিবি (৩৭)।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের বেশিরভাগেরই ডান হাত ও কাঁধে গুরুতর চোট লেগেছে। তবে একমাত্র আজিনুর বিবির মাথায় আঘাত রয়েছে। বর্তমানে প্রত্যেকেরই এক্স-রে করা হচ্ছে। হাড় ভেঙেছে কি না, তা নিশ্চিত হওয়ার পরেই চিকিৎসকরা পরবর্তী চিকিৎসা শুরু করবেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, আহতদের মধ্যে পাঁচজনের বাড়ি ভগবানগোলা ও লালগোলা থানা এলাকার বাসিন্দা। ইতিমধ্যেই আহতদের পরিবারের লোকজনকে খবর পাঠানো হয়েছে। পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে রেল পুলিশ।