প্রতিবেশীর বাড়ি থেকে খাবার খাওয়ার অপরাধ! পাষণ্ড মায়ের মারধরে মর্মান্তিক মৃত্যু ১১ বছরের মেয়ের

প্রতিবেশীর বাড়ি থেকে খাবার খাওয়ার অপরাধ! পাষণ্ড মায়ের মারধরে মর্মান্তিক মৃত্যু ১১ বছরের মেয়ের

ক্ষুধার জ্বালায় প্রতিবেশীর বাড়ি থেকে খাবার খাওয়ার অপরাধে ১১ বছরের মেয়েকে পিটিয়ে মারার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ার ভেকুটাল এলাকায়। মৃত নাবালিকার নাম সুহানা। এই ঘটনায় অভিযুক্ত মা শাকিলা বেগমকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে উলুবেড়িয়া থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বহু আগেই সুহানার বাবা-মায়ের বিচ্ছেদ হয়েছিল। এরপর মা শাকিলা দ্বিতীয়বার মোর্শেদ মোল্লাকে বিয়ে করেন। সৎবাবা বোতল কুড়িয়ে জীবিকা নির্বাহ করায় সংসারে লেগেই থাকত তীব্র অভাব-অনটন, জুটত না ঠিকমতো খাবারও। কিছুদিন আগে সুহানা তার চার বছরের ভাইকে নিয়ে এক প্রতিবেশীর বাড়িতে গিয়ে খাবার খেয়ে আসে। এই ঘটনাকে কেন্দ্র করে সৎবাবা ক্ষুব্ধ হয়ে স্ত্রীকে তিরস্কার করেন।

অভিযোগ, সেই অপমানের রাগ গিয়ে পড়ে অবুঝ শিশু দুটির ওপর। গত বুধবার শাকিলা বেগম তার ১১ বছরের মেয়েকে বেধড়ক মারধর করেন। মারধরের পর থেকেই সুহানার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। প্রথমে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলেও অবস্থার কোনো উন্নতি হয়নি।

অবশেষে গত শুক্রবার সুহানা আরও অসুস্থ হয়ে পড়লে তাকে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয়। এই ঘটনার পর মৃতার এক আত্মীয় উলুবেড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে রবিবার রাতেই অভিযুক্ত মাকে গ্রেফতার করে পুলিশ এবং সোমবার তাকে আদালতে তোলা হয়। ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *