দলের নির্দেশকে বুড়ো আঙুল? শমীক ভট্টাচার্যের বার্তার পরেও নিউ টাউনের পুজো কমিটির উপদেষ্টা দিলীপ ঘোষ!

দলের নির্দেশকে বুড়ো আঙুল? শমীক ভট্টাচার্যের বার্তার পরেও নিউ টাউনের পুজো কমিটির উপদেষ্টা দিলীপ ঘোষ!

নিউ টাউন: একের পর এক পুজোর দায়িত্ব রাজনৈতিক ব্যক্তি, বিধায়ক বা নেতারা নিজেদের হাতে তুলে নেবেন না— রাজ্য BJP সভাপতি শমীক ভট্টাচার্যের এই স্পষ্ট বার্তার পরেও নিউ টাউনের একটি দুর্গাপুজো কমিটিতে দেখা গেল অন্য ছবি। পঞ্চম বর্ষে পদার্পণ করা নিউ টাউন সর্বজনীন দুর্গোৎসব সমিতির মুখ্য উপদেষ্টা হিসেবে নাম রয়েছে খড়গপুরের বিধায়ক দিলীপ ঘোষের। আর এই ঘটনা ঘিরেই শুরু হয়েছে জল্পনা।

পুজো কমিটির সাফাই

দলীয় সভাপতির বার্তা অমান্য করার অভিযোগ উঠলেও, এই বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে পুজো কমিটি। নিউ টাউন সর্বজনীনের যুগ্ম সম্পাদক পীযূষ রঞ্জন ঘোষ জানান, উপদেষ্টা পদটি সভাপতি বা সম্পাদকের মতো নয়। তিনি বলেন, “যেহেতু দিলীপবাবু মন্ত্রী এবং নিউ টাউন এখনও মিউনিসিপ্যালিটি হয়নি, তাই ওঁকে উপদেষ্টা হিসেবে রাখতে আমাদের কোনও আপত্তি হয়নি। উনি নিউ টাউনে থাকেন, ইকো পার্কে আসেন এবং আমাদের বিভিন্ন সামাজিক কর্মসূচিতেও সস্ত্রীক যুক্ত থাকেন।” পুজো কমিটিকে সঠিক দিশা দেখাতে এবং পুজোকে উচ্চতায় নিয়ে যেতেই তাঁকে এই দায়িত্বে রাখা হয়েছে বলে জানায় কমিটি।

শমীক ভট্টাচার্যের বার্তা ও রাজনৈতিক প্রেক্ষাপট

এর আগে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছিলেন, একজন বিধায়ক নিজের এলাকার পুজোর সভাপতি হতে পারেন, তবে রাস্তায় বেরিয়ে একের পর এক পুজোর দায়িত্ব রাজনৈতিক নেতাদের নেওয়া উচিত নয়। অতীতে তৃণমূল জমানায় বিভিন্ন পুজোকমিটিতে রাজনৈতিক নেতাদের প্রভাব এবং দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে এই বার্তা দিয়েছিলেন তিনি। এমনকী নিজেও কলেজ পুজোর প্রধান হতে অস্বীকার করেন শমীক।

তবে নিউ টাউন পুজো কমিটির দাবি, এই পুজো কোনও রাজনৈতিক দলের নয়, এটি সর্বসাধারণের পুজো। দিলীপ ঘোষ এলাকায় থাকেন বলেই তাঁকে এই সম্মানজনক পদে রাখা হয়েছে, এর মধ্যে কোনও রাজনৈতিক রং নেই। আগামী অগাস্টের শুরুতেই খুঁটিপুজোর মাধ্যমে এই পুজোর আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *