তারকেশ্বরের পর এ বার তারাপীঠ! কৌশিকী অমাবস্যায় ভক্তদের উপর পুষ্পবৃষ্টির আশ্বাস বিধায়কের

তারাপীঠ: তারকেশ্বরের আদলে এ বার শক্তিপীঠ তারাপীঠের ভক্তদের উপরেও হতে পারে পুষ্পবৃষ্টি। সোমবার তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ (TRDA), জেলা প্রশাসন এবং মন্দির কমিটির যৌথ বৈঠকে এই আশ্বাসের কথা জানিয়েছেন রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহা। মন্দিরের উন্নয়ন, পরিচালনা এবং আসন্ন কৌশিকী অমাবস্যা প্রস্তুতি নিয়ে আয়োজিত ওই বৈঠকেই এই প্রসঙ্গটি জোরালো ভাবে উঠে আসে।
শৈবতীর্থ তারকেশ্বরে শ্রাবণ মাসে প্রতি সোমবার ভক্তদের উপর পুষ্পবৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছিল। এ বার ঠিক একই রকম ভাবে শক্তিপীঠ তারাপীঠেও ভক্তদের অভ্যর্থনায় পুষ্পবৃষ্টি করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল এবং রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহা উভয়েই।
তারাপীঠ মন্দির কমিটির সভাপতি নিখিল বন্দ্যোপাধ্যায় এবং সম্পাদক পুলক চট্টোপাধ্যায় জানিয়েছেন, মন্দিরে আগত ভক্তদের উপর পুষ্পবৃষ্টি করার বিষয়ে তাঁদের ইতিবাচক আশ্বাস দিয়েছেন বিধায়ক।
যদিও রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহা স্পষ্ট করেছেন যে বিষয়টি এখনও প্রাথমিক প্রস্তাবের পর্যায়ে রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও, কৌশিকী অমাবস্যার পবিত্র তিথিতে এই বিশেষ আয়োজন করার জোরালো ইচ্ছা রয়েছে তাঁদের। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রশাসনের শীর্ষ স্তরের আধিকারিকদের সঙ্গে আলোচনা করার পরেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।