‘সেবাশ্রয়’-এর পর ফের আইনি বিপাকে অভিষেক, কোভিড টেস্ট দুর্নীতি মামলার অভিযোগ ডায়মন্ড হারবারে

ফের রাজনৈতিক ও আইনি অস্বস্তিতে পড়লেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার ডায়মন্ড হারবারে করোনা (কোভিড-১৯) পরীক্ষার শিবির আয়োজনকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে নতুন করে মামলা ও থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
বিজেপি নেতা অভিজিৎ দাসের অভিযোগ, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রত্যক্ষ নেতৃত্বেই ডায়মন্ড হারবারে ওই বিশাল কোভিড পরীক্ষার কর্মসূচি পরিচালিত হয়েছিল। এই বিষয়ে তিনি দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এর আগে অভিষেকের তত্ত্বাবধানে আয়োজিত ‘সেবাশ্রয়’ স্বাস্থ্যশিবির ঘিরেও অনিয়মের অভিযোগ উঠেছিল এবং তা নিয়ে এফআইআর ও স্বাস্থ্য দফতরের অনুসন্ধান শুরু হয়েছে। এর রেশ কাটতে না কাটতেই সামনে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য। বিজেপি নেতার অভিযোগ অনুযায়ী, ২০২২ সালের জানুয়ারি মাসে ডায়মন্ড হারবারে একটি মেগা কোভিড-১৯ টেস্টিং ড্রাইভের পরিকল্পনা করা হয়েছিল। এই কর্মসূচির জন্য জিনিসপত্র কেনাকাটা এবং সরকারি সম্পত্তি ব্যবহারের ক্ষেত্রে পদ্ধতিগত ও আর্থিক অনিয়ম হয়েছে।
অভিযোগপত্রে জানানো হয়েছে, ওই কর্মসূচির মাধ্যমে ডায়মন্ড হারবারে ২৬০টি পরীক্ষাকেন্দ্র, ২৩টি মোবাইল ইউনিট এবং ৩০টি কিয়স্কের মাধ্যমে মোট ৫৩,২০৩টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। অথচ সেই সময় গোটা রাজ্যে দৈনিক নমুনা পরীক্ষার গড় ছিল ৬৫ থেকে ৭০ হাজারের মধ্যে।
বিজেপি নেতা আরও দাবি করেন, “অভিষেক ডায়মন্ড হারবার মডেলের নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করেছেন। ২০২২ সালের ২২ জানুয়ারি তিনি দাবি করেছিলেন যে ৫৫ হাজার করোনা টেস্ট করিয়েছেন। কিন্তু এত কিট কোথা থেকে এল?”
পুলিশের কাছে জমা দেওয়া অভিযোগে মূল অভিযুক্ত হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রাখা হয়েছে। পাশাপাশি, দক্ষিণ ২৪ পরগনার তৎকালীন জেলাশাসক এবং ডায়মন্ড হারবার পুলিশ জেলার তৎকালীন সুপারসহ মোট ২৬ জনের ভূমিকা খতিয়ে দেখার দাবি জানানো হয়েছে।