গভীর নিম্নচাপের থাবা দিঘায়! দক্ষিণবঙ্গজুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা

বঙ্গোপসাগরে ঘনীভূত শক্তিশালী গভীর নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে মেঘলা আকাশ ও চরম দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। মঙ্গলবার সকাল থেকেই কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলিতে ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে। মৌসম ভবন জানিয়েছে, পশ্চিমবঙ্গ উপকূলের কাছাকাছি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি গত ৬ ঘণ্টায় ৭ কিমি গতিতে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। এটি আজ, ২৮ জুলাই ২০২৬, রাত ১২:৩০ থেকে ১:৩০-এর মধ্যে দিঘার কাছ দিয়ে পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূল অতিক্রম করে।
ভোর ৫:৩০-এ এটি উত্তর ওড়িশা উপকূল এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছিল—যা দিঘা থেকে ৩০ কিমি পশ্চিম-উত্তর-পশ্চিমে এবং বালেশ্বর থেকে ৩০ কিমি উত্তর-পূর্বে অবস্থিত। আগামী ২৪ ঘণ্টায় এর উত্তর ওড়িশা, দক্ষিণ ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড়ের ওপর দিয়ে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং এটি ক্রমশ দুর্বল হবে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, এর প্রভাবে উপকূলবর্তী জেলা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সতর্কতা ও মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা
উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া বইতে পারে। সমুদ্রপৃষ্ঠে ৫৫ থেকে ৬০ কিমি গতিবেগে দমকা বাতাসাও বইতে পারে। সেই কারণে সতর্কতা হিসেবে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে।
দক্ষিণবঙ্গে বৃষ্টির স্থায়িত্ব ও সতর্কতা
আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া ও কলকাতায়। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনার উপকূল ও ঝাড়গ্রামে ৪০-৫০ কিমি বেগে দমকা বাতাস বইবে। তবে দু’দিন পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির তীব্রতা অনেকটাই কমে যাবে। বুধবার থেকে রবিবার পর্যন্ত আপাতত বড় কোনো ঝড়-বৃষ্টির সতর্কবার্তা নেই।
উত্তরবঙ্গের পরিস্থিতি
আজ উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বুধবার থেকে রবিবার উপরের দিকের পাঁচ জেলাতেই (দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার) বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে।
কলকাতার আবহাওয়া
কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে আকাশ সাধারণত মেঘলা থাকবে। কয়েক পশলা হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৭ থেকে ৯৬ শতাংশ থাকায় জলীয় বাষ্পজনিত অস্বস্তি বজায় থাকবে।