ভুল চিকিৎসায় দশম শ্রেণির ছাত্রের মৃত্যু, সিউড়িতে বিচার চেয়ে মোমবাতি মিছিলে উপচে পড়ল জনস্রোত

ভুল চিকিৎসায় দশম শ্রেণির ছাত্রের মৃত্যু, সিউড়িতে বিচার চেয়ে মোমবাতি মিছিলে উপচে পড়ল জনস্রোত

সিউড়ি: ভুল চিকিৎসায় দশম শ্রেণির এক ছাত্রের মৃত্যুর অভিযোগ ঘিরে সোমবার ব্যাপক চাঞ্চল্য ছড়ানোর পর, মঙ্গলবার বীরভূমের সিউড়িতে তার মৃত্যুর বিচারের দাবিতে এক বিশাল মোমবাতি মিছিল বের হয়। এই বিচারসভায় ও শেষযাত্রায় পা মেলালেন শত শত স্কুলপড়ুয়া এবং সাধারণ শহরবাসী। শকটে শোয়ানো ছিল ফুল ও মালায় ঢাকা মৈনাকের নিথর দেহ। হাতে মোমবাতি নিয়ে এই শেষযাত্রায় বিভিন্ন বয়সি মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় এবং মিছিলের চারপাশ থেকে একটাই আওয়াজ ওঠে— ‘মৈনাকের মৃত্যুর বিচার চাই।’

মৃত মৈনাক দাস বীরভূমের সিউড়ির মালিপাড়ার বাসিন্দা এবং সে বীরভূম জেলা স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল। পরিবার সূত্রে জানা যায়, গত রবিবার রাতে খাবার খাওয়ার পর থেকেই সে হঠাৎ অসুস্থ বোধ করতে শুরু করে। এরপর রাতেই তাকে সিউড়ির একটি বেসরকারি মাল্টি স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু হয়। পরিবারের স্পষ্ট অভিযোগ, ওই হাসপাতালের ভুল চিকিৎসার্থেই মৈনাকের প্রাণ গিয়েছে এবং একটিমাত্র ইনজেকশন দেওয়ার পরেই তার অবস্থা দ্রুত অবনতি ঘটে।

অন্যদিকে, এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে ওই বেসরকারি হাসপাতালের কর্ণধার সব্যসাচী সাহা জানান, হাসপাতালের তরফ থেকে রোগীর চিকিৎসায় কোনো ত্রুটি রাখা হয়নি। তাঁর দাবি, সঠিক নিয়ম মেনেই স্যালাইন ও অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়েছিল এবং রোগীর অবস্থার সামান্য উন্নতি হওয়ার পর পরিবারের সঙ্গে কথা বলেই তাকে ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়। পরবর্তীতে হঠাৎ রক্তচাপ কমতে শুরু করলে যথোপযুক্ত প্রাথমিক চিকিৎসাও করা হয়। তিনি আরও জানান, এই মৃত্যু অত্যন্ত দুঃখজনক এবং তাঁরা পরিবারের প্রতি সমব্যথী, তবে দেওয়া সমস্ত ইনজেকশন চিকিৎসার নির্ধারিত নিয়ম অনুসারেই ছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *