এসএসকেএমে বাড়বে বেড, এমবিবিএসে আসন সংখ্যা বৃদ্ধির জোরালো আশ্বাস মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্যকাঠামোয় বড়সড় পরিবর্তনের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার নবান্ন থেকে নিট (NEET) পরীক্ষায় সফল পশ্চিমবঙ্গের প্রথম ১০০ জন কৃতী ছাত্রছাত্রীকে সংবর্ধনা জানানোর পাশাপাশি স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন তিনি।
এদিন নবান্নে কৃতী পড়ুয়াদের হাতে উপহার ও শংসাপত্র তুলে দিয়ে মুখ্যমন্ত্রী জানান, নিট অত্যন্ত কঠিন একটি জাতীয় পরীক্ষা, যেখানে সফল হয়ে তাঁরা গোটা পশ্চিমবঙ্গকে গর্বিত করেছেন। ভবিষ্যতে চিকিৎসক হওয়ার পর তাঁরা যেন গ্রামীণ এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে চিকিৎসা পরিষেবা দেন, সেই পরামর্শও দেন তিনি।
অনুষ্ঠান থেকে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার রূপরেখা তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, ব্লক স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে সমস্ত সরকারি হাসপাতালেও চিকিৎসকদের জন্য উন্নত কর্মপরিবেশ গড়ে তোলা হবে, যাতে তাঁরা সুস্থ ও উৎসাহিত মনে কাজ করতে পারেন। এই লক্ষ্যেই কলকাতার এসএসকেএম (SSKM) হাসপাতালে আরও শয্যা বা বেড সংখ্যা বৃদ্ধির পাশাপাশি এমবিবিএস (MBBS)-এ আসন সংখ্যা বাড়ানোর কথাও ঘোষণা করেন তিনি। তাঁর মতে, এর মাধ্যমে রাজ্যে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বর্তমান ঘাটতি ধীরে ধীরে পূরণ করা সম্ভব হবে।
সম্প্রতি কেন্দ্রীয় বাজেটে ঘোষিত কালিম্পং, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ দিনাজপুরে নতুন মেডিক্যাল কলেজ স্থাপন এবং উত্তরবঙ্গে একটি এইমস (AIIMS) তৈরির পরিকল্পনার কথাও এদিনের সভা থেকে স্মরণ করান মুখ্যমন্ত্রী। তিনি জানান, আয়ুষ্মান ভারত ও জাতীয় স্বাস্থ্য মিশন (NHM)-এর আওতায় রাজ্যে স্বাস্থ্য পরিষেবা আরও সম্প্রসারণের কাজ চলছে।
পাশাপাশি বেসরকারি বিনিয়োগকেও স্বাগত জানিয়ে তিনি জানান, নিউ টাউনে আন্তর্জাতিক মানের একটি ২,০০০ শয্যার হাসপাতাল তৈরির জন্য আদানি গোষ্ঠী ইতিমধ্যে জমি নিয়েছে। যার মধ্যে ১,০০০টি শয্যা সম্পূর্ণভাবে আর্থিকভাবে দুর্বল সাধারণ মানুষের চিকিৎসার জন্য সংরক্ষিত থাকবে।